PM Modi attack Congress AI Summit:এআই সম্মেলনে যুব কংগ্রেসের ‘বস্ত্রহীন’ প্রতিবাদ: ‘আপনারা তো আগে থেকেই নগ্ন’, মিরাট থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর!

রাজনীতি

নিউজ পোল ব্যুরো:দিল্লির আন্তর্জাতিক এআই সম্মেলনে যুব কংগ্রেসের নজিরবিহীন প্রতিবাদ ও জামা খুলে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi attack Congress AI Summit)। রবিবার উত্তরপ্রদেশের মিরাটে এক জনসভা থেকে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “আপনারা তো আগে থেকেই নগ্ন, তবে কেন নতুন করে পোশাক খোলার প্রয়োজন মনে করলেন।” প্রধানমন্ত্রীর দাবি, এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে দেশের প্রাচীনতম দলটি এখন আদর্শগতভাবে কতটা দেউলিয়া ও দরিদ্র হয়ে পড়েছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/02/22/delhi-cm-rekha-gupta-kalighat-visit-bjp-bengal-election-2026-strategy/

উল্লেখ্য, গত শুক্রবার দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত আন্তর্জাতিক এআই সামিটে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতায় একদল যুব কংগ্রেস কর্মী হঠাৎ ঢুকে পড়ে জামা খুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই প্রসঙ্গ টেনেই মোদী (PM Modi attack Congress AI Summit) এদিন বলেন যে, ভারত যখন বিশ্বের বৃহত্তম এআই কনফারেন্স আয়োজন করে সাফল্যের নজির গড়ছে, তখন কংগ্রেস ও তার ইকোসিস্টেম দেশের সেই সাফল্য হজম করতে পারছে না। তাঁর অভিযোগ, কংগ্রেস নিজেদের দেশকে কালিমালিপ্ত করতেই ব্যস্ত এবং ভারতের জন্য গর্বের একটি বিশ্বজনীন মঞ্চকে তারা নোংরা রাজনীতির আখড়ায় পরিণত করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

প্রধানমন্ত্রী আরও মনে করিয়ে দেন যে, বিক্ষোভের দিন সভাস্থলে বিজেপির কোনও নেতা উপস্থিত ছিলেন না। তিনি আক্ষেপের সুরে বলেন, কংগ্রেস নেতারা তাঁকে ব্যক্তিগতভাবে ঘৃণা করেন এবং তাঁর কবর খুঁড়তেও দ্বিধা করেন না। এমনকি তাঁর মা-কেও অপমান করতে ছাড়েন না। কিন্তু তাঁদের মনে রাখা উচিত ছিল যে, ওই সামিটটি বিজেপির কোনও ঘরোয়া অনুষ্ঠান ছিল না, ওটা ছিল একটি জাতীয় কাজ। কংগ্রেস সেই দিন সমস্ত শিষ্টাচারের সীমা লঙ্ঘন করেছে দাবি করে মোদী জানান, গোটা দেশ ওদের এই কলুষিত নীতিকে ধিক্কার জানাচ্ছে।

অন্যদিকে, শুক্রবারের ওই ঘটনায় কৃষ্ণা হরি, কুণ্ডন যাদব, অজয় কুমার এবং নরসিংহ যাদব নামে চার যুব কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা প্রত্যেকেই জাতীয় ও রাজ্যস্তরের পদাধিকারী। শনিবার তাঁদের আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। দিল্লি পুলিশের দাবি, এই প্রতিবাদের নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, বিদেশের প্রতিনিধি ও প্রযুক্তি কর্তাদের সামনে যুব কংগ্রেসের এই ‘উগ্র’ প্রতিবাদকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী আসলে ছাব্বিশের ভোটের আগে দেশপ্রেম ও জাতীয় অস্মিতার তাসটিই খেলে দিলেন।