Election: ভোটের আগে উত্তরবঙ্গে উত্তাপ, উত্তরকন্যা অভিযান ঘিরে তৃণমূল–বিজেপি তরজা

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের প্রাক্কালে উত্তরবঙ্গের সাম্প্রতিক অশান্তিকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। শাসকদল তৃণমূল কংগ্রেস-এর অভিযোগ, দু’-তিন মাস আগের ঘটনাকে সামনে এনে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। তাদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ভুয়ো ও উস্কানিমূলক ছবি ছড়িয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা চলছে। ফাঁসিদেওয়ার ঘটনার পর রাজ্য সরকারের বিরুদ্ধে ‘মগজ ধোলাই’-এর রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ শাসক শিবিরের।

আরও পড়ুন:BSF:ভোটের আবহে সীমান্তে কড়া নজর, বিএসএফকে জমি হস্তান্তরে রাজ্যের সিদ্ধান্ত

অন্যদিকে, ‘উত্তরকন্যা’ অভিযানের দিন শিলিগুড়িতে সংঘর্ষ, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্ত বিজেপি নেতাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে খবর, ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সব রাজনৈতিক কর্মসূচি ও সোশ্যাল মিডিয়ার ওপর কড়া নজর রাখা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গ, বিশেষত শিলিগুড়ি মহকুমা দীর্ঘদিন ধরেই শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। কিন্তু সম্প্রতি ‘উত্তরকন্যা’ অভিযান ঘিরে উত্তেজনা নতুন করে প্রশ্ন তুলেছে। তৃণমূলের দার্জিলিং জেলা কো-অর্ডিনেটর কাজল ঘোষের দাবি, এআই-তৈরি পোস্টার ও বিভ্রান্তিকর প্রচারের মাধ্যমে ফাঁসিদেওয়া, নকশালবাড়ি, খড়িবাড়ি ও ইসলামপুরে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছে। শিলিগুড়ির মেয়র তথা তৃণমূলের কেন্দ্রীয় নেতা গৌতম দেবের বক্তব্য, ভোটে সম্ভাব্য পরাজয় আঁচ করেই উত্তরবঙ্গকে অশান্ত করার কৌশল নিয়েছে বিজেপি। তবে বিজেপি এই সব অভিযোগ অস্বীকার করেছে। ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মুর পাল্টা দাবি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কোণঠাসা হয়ে শাসকদলই অপপ্রচার চালাচ্ছে। মানুষের স্বার্থে আন্দোলন চলবে বলেও জানানো হয়েছে গেরুয়া শিবিরের তরফে। ভোটের আগে উত্তরবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।