BSF:ভোটের আবহে সীমান্তে কড়া নজর, বিএসএফকে জমি হস্তান্তরে রাজ্যের সিদ্ধান্ত

দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: সীমান্ত নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে রাজ্য সরকার। কেন্দ্রীয় বাহিনীকে জমি হস্তান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১০৫ একর জমি বর্ডার সিকুরিটি ফোর্স (বিএসএফ)-এর হাতে তুলে দেওয়ার প্রস্তাব তৈরি হয়েছে। এই জমিতে সীমান্ত জুড়ে কাঁটাতার বসানো এবং একাধিক বর্ডার আউটপোস্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: SIR: SIR-এ মৃত’ ৬১ জনের পরিবার পাবে স্পেশাল হোমগার্ডের চাকরি, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

নবান্নে এই বিষয়টি নিয়ে বৈঠকে বসে সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠী। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। সেখানে সীমান্তবর্তী এলাকায় কতটা জমি প্রয়োজন এবং রাজ্য কতটা জমি দিতে পারবে, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়। যদিও নীতিগত সম্মতি মিলেছে, চূড়ান্ত অনুমোদন দেবে রাজ্য মন্ত্রিসভা।

প্রশাসনিক সূত্রের খবর, প্রায় ১৭ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এ জন্য প্রায় ৬৭ একর জমি প্রয়োজন। পাশাপাশি, ন’টি বর্ডার আউটপোস্ট গড়ে তুলতে আরও ১৮ একর জমির দরকার হবে। এই জমির একটি বড় অংশ বর্তমানে ব্যক্তিগত মালিকানাধীন। ফলে সংশ্লিষ্ট জমির মালিকদের কাছ থেকে জমি ক্রয় করে তা বিএসএফের হাতে হস্তান্তর করবে রাজ্য সরকার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এছাড়াও সীমান্তবর্তী ন’টি এলাকায় রাজ্য সরকারের অধীনে থাকা প্রায় ২০ থেকে ২৫ একর জমি সরাসরি হস্তান্তরের প্রস্তাবও বিবেচনায় রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কেন্দ্রীয় সংস্থাকে জমি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ মন্ত্রিগোষ্ঠীকে দায়িত্ব দিয়েছিলেন। এবার সেই সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে। সেখানে চূড়ান্ত অনুমোদন মিললে জেলা প্রশাসন জমি মালিকদের সঙ্গে আলোচনা শুরু করবে। সীমান্ত সুরক্ষা আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন।