Malda: মালদহে তরুণীকে লক্ষ্য করে পলাতক ৩ যুবক! নেপথ্যে প্রেমের জটিল সমীকরণ?

রাজ্য

নিউজ পোল ব্যুরো: মালদহে(Malda) এক তরুণীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে নয়াবস্তি নেংড়া মোড় এলাকায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ১৮ বছরের মনীষা পারভিনকে। তাঁর ডান হাতে গুলি লাগে। বর্তমানে তিনি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন :West Bengal Assembly Election:দিন ঘোষণার আগেই কড়া নিরাপত্তা, বঙ্গে ঢুকছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনীষা গয়েশবাড়ির নয়াবস্তি লাফোটোন এলাকার বাসিন্দা। তাঁর বাবা সুলতান শেখ পেশায় দিনমজুর। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এলাকায় তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

 

আহত তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে তিন যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার নেপথ্যে প্রেমঘটিত কোনও বিবাদ রয়েছে কি না, নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা তরুণীর সঙ্গে কথা বলে প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, কয়েকজন যুবকের মধ্যে প্রকাশ্যে বচসা ও গুলিবিনিময়ের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পর সমাজমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়, যেখানে তরুণীকে বন্দুক হাতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। যদিও সেই ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তদন্ত চলছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।