নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্র। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আসছে বিপুল সংখ্যক আধাসেনা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপির কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
চিঠি অনুযায়ী, আগামী ১ মার্চ প্রথম দফায় ২৪০ কোম্পানি আধাসেনা রাজ্যে পৌঁছবে। এরপর ১০ মার্চ দ্বিতীয় দফায় বাকি ২৪০ কোম্পানি মোতায়েন করা হবে। ২০ ফেব্রুয়ারি কেন্দ্রের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে। প্রথম দফায় যে ২৪০ কোম্পানি আসছে, তার মধ্যে থাকবে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২১ কোম্পানি সিআইএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি এবং ২৭ কোম্পানি এসএসবি। দ্বিতীয় দফায় ১০ মার্চ আসবে আরও ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি এবং ১৯ কোম্পানি এসএসবি।
এই বাহিনীর মূল দায়িত্ব হবে বিভিন্ন জেলায় টহলদারি চালানো, স্পর্শকাতর বুথগুলিতে নিরাপত্তা জোরদার করা, ভোটারদের আস্থা বৃদ্ধি করা এবং ইভিএমের নিরাপত্তা নিশ্চিত করা। জানা গিয়েছে, মোট ৯ সেকশনের মধ্যে ৮ সেকশন বাহিনী বুথের নিরাপত্তা ও নিয়মিত টহলদারিতে নিয়োজিত থাকবে। অবশিষ্ট ১ সেকশনকে রাখা হবে ‘কুইক রেসপন্স টিম’ হিসেবে, যাতে কোথাও বড় ধরনের অশান্তি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এছাড়াও চিঠিতে বলা হয়েছে, বাহিনী মোতায়েনের বিস্তারিত পরিকল্পনা সিআরপিএফের ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি সঞ্জয় যাদবকে জানাতে হবে। তাঁকেই আসন্ন নির্বাচনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বাহিনীর থাকা, যাতায়াত এবং প্রয়োজনীয় অবকাঠামো সংক্রান্ত ব্যবস্থাও রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে বলা হয়েছে।
