PM Narendra Modi: কৃত্রিম বুদ্ধিমত্তা যেন কখনই কুক্ষিগত না হয়, মেগা সামিটে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী!

দেশ প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: নয়াদিল্লিতে আয়োজিত এক বৃহৎ এআই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্বকে নতুন দিশা দেখাতে পারে, তবে তা যেন কখনও সীমিত গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত না হয়ে পড়ে।

আরও পড়ুন: Narendra Modi:উৎপাদন বেড়েছে, ৩৮ দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি করেছে ভারত: প্রধানমন্ত্রী!

প্রধানমন্ত্রী তার বক্তব্যে জোর দিয়ে বলেন, যে কোনও প্রযুক্তির মূল লক্ষ্য হওয়া উচিত মানবকল্যাণ। এআই ব্যবস্থাকেও মানুষের প্রয়োজন, নিরাপত্তা এবং সামাজিক ভারসাম্যকে সামনে রেখে গড়ে তুলতে হবে। তাঁর কথায়, “প্রযুক্তি তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। কৃত্রিম বুদ্ধিমত্তাও মানবকেন্দ্রিক না হলে তার প্রকৃত মূল্য নেই।” তিনি অতীতের প্রযুক্তিগত বিপ্লবের উদাহরণ টেনে বলেন, এক সময় তারবিহীন যোগাযোগের সূচনা হয়েছিল সীমিত পরিসরে। তখন কেউ ভাবেননি, একদিন গোটা বিশ্ব তাৎক্ষণিকভাবে সংযুক্ত হয়ে যাবে। ঠিক তেমনই, কৃত্রিম বুদ্ধিমত্তা আজ যে পর্যায়ে রয়েছে, তা কেবল শুরু। আগামী দিনে এর প্রভাব আরও বিস্তৃত ও গভীর হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

মোদি আরও জানান, এআই উন্নয়নের ক্ষেত্রে নৈতিকতা, স্বচ্ছতা এবং দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মত প্রকাশ করেন। তাঁর মতে, উদ্ভাবন এবং নিয়ন্ত্রণ—দুটির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাই হবে আগামী দিনের বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, ভারত মানবসম্পদ, উদ্ভাবনী ক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে বৈশ্বিক এআই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। একইসঙ্গে তিনি আহ্বান জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রযাত্রা যেন মানবতার কল্যাণেই ব্যবহৃত হয়।