নিউজ পোল ব্যুরো: ‘বঙ্কিম দা’ মন্তব্য ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের সমালোচনার মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জন্মতিথিতে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস (Ramakrishna Paramahamsa)–কে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁকে ‘স্বামী রামকৃষ্ণ’ বলে সম্বোধন করেন। এই শব্দচয়নকে ঘিরেই তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এর আগে সংসদে দাঁড়িয়ে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankimchandra Chattopadhyay)–কে ‘বঙ্কিমদা’ বলে উল্লেখ করায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার পর ফের একবার বাংলার ইতিহাস ও সংস্কৃতির প্রতি অসংবেদনশীলতার অভিযোগ উঠল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।
প্রধানমন্ত্রীর পোস্টের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এক্স হ্যান্ডেলে (X) কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, “গোটা বিষয়টি অত্যন্ত বিস্ময়কর। বাংলার সংস্কৃতির উপর ফের আঘাত।” আরও লিখেছেন, “আমি আবারও স্তম্ভিত। শ্রীশ্রী রামকৃষ্ণ আপামর মানুষের কাছে ‘ঠাকুর’ হিসেবেই পূজিত। তাঁকে ‘স্বামী’ বলা বাংলার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে চরম অজ্ঞতারই পরিচয়।”
দীর্ঘ পোস্টে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ব্যাখ্যা করেন, রামকৃষ্ণদেবের শিষ্যরা তাঁর তিরোধানের পর রামকৃষ্ণ সংঘ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং সন্ন্যাসীদের ‘স্বামী’ বলা হয়। কিন্তু স্বয়ং আচার্যদেব সর্বদাই ‘ঠাকুর’ নামেই পরিচিত। রামকৃষ্ণ সংঘের পবিত্র ত্রয়ী ঠাকুর, মা ও স্বামীজিতেও এই পরিচয় স্পষ্ট।
মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অনুরোধ জানান, বাংলার নবজাগরণের মহান ব্যক্তিত্বদের ক্ষেত্রে নতুন নতুন সম্বোধন প্রয়োগ বন্ধ করতে। তাঁর কথায়, “আধুনিক ভারত গঠনে বাংলার যে মহাপুরুষরা অবদান রেখেছেন, তাঁদের প্রতি বারবার এভাবে অবমাননা করা অনুচিত।” প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
