CV Ananda Bose: পদ ছাড়লেন রাজ্যপাল সিবি আনন্দ বোস! প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

রাজ্য

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) হঠাৎই তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে খবর সামনে এসেছে। তবে ঠিক কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিলেন, তা এখনও পরিষ্কার নয়। সূত্রের দাবি, বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন এবং সেখান থেকেই রাষ্ট্রপতি ভবনে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। রাজ্যে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার আবহে এই আকস্মিক পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বোস (CV Ananda Bose)। তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের নভেম্বর মাসে। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই তিনি পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, দিল্লি থেকেই তিনি তাঁর ইস্তফাপত্র রাষ্ট্রপতি ভবনে পাঠিয়েছেন। লোকভবন সূত্রে জানা গিয়েছে, সেই পদত্যাগপত্র ইতিমধ্যেই গ্রহণও করা হয়েছে।

আরও পড়ুন: WBCHSE Online Class : কোচিংয়ের ঝামেলা শেষ! উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য ইউটিউবে পাঠ দেবে সংসদ, ঘোষণা নতুন সভাপতির

রাজ্যপাল (CV Ananda Bose) হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক নীতি নিয়ে প্রকাশ্যে সমালোচনাও করেছিলেন। তাঁর আমলে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে নানা বিষয়কে কেন্দ্র করে মতবিরোধ ও টানাপোড়েনও সামনে আসে।

এছাড়াও তিনি বাংলার সঙ্গে নিজেকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার চেষ্টা করেছিলেন। এমনকি নিজেকে পশ্চিমবঙ্গের ‘দত্তকপুত্র’ বলেও উল্লেখ করেছিলেন। কেরল থেকে নিজের ভোটার তালিকার নাম পশ্চিমবঙ্গে স্থানান্তরের উদ্যোগও নিয়েছিলেন তিনি। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় ফর্ম-৮ তাঁকে বুথ স্তরের আধিকারিক ও সুপারভাইজ়াররা দিয়েছিলেন এবং প্রথম দফায় প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নামও অন্তর্ভুক্ত হয়। তবে এত কিছুর পরও কেন তিনি হঠাৎ পদত্যাগ করলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি বোস। জানা গিয়েছে, তাঁর পদত্যাগের পর আপাতত পশ্চিমবঙ্গের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল R. N. Ravi-কে।

উল্লেখযোগ্যভাবে, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক দুই স্থায়ী রাজ্যপালকেই মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়তে হয়েছে। বোসের আগে এই পদে ছিলেন জগদীপ ধনখর (Jagdeep Dhankhar)। পরে তিনি দেশের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং সেই পদ থেকেও হঠাৎ ইস্তফা দেন, যা নিয়েও রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা হয়েছিল।

রাজ্যপালের এই আকস্মিক পদত্যাগ নিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লিখেছেন, রাজ্যপালের ইস্তফার খবর শুনে তিনি বিস্মিত ও উদ্বিগ্ন। তাঁর বক্তব্য, পদত্যাগের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে কোনও রাজনৈতিক চাপ সৃষ্টি হয়ে থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

এছাড়া তিনি আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে ফোন করে R. N. Ravi-কে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগের কথা জানিয়েছেন। কিন্তু প্রচলিত রীতি অনুযায়ী এই বিষয়ে তাঁর সঙ্গে কোনও পরামর্শ করা হয়নি বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এ ধরনের একতরফা সিদ্ধান্ত সংবিধানের চেতনা এবং ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মর্যাদাকে ক্ষুণ্ণ করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole