নিউজ পোল ব্যুরো: বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা গোবিন্দর (Govinda) ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়েই চর্চা হয়েছে। বিশেষ করে তাঁর সহ-অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে বহু জল্পনা-কল্পনা শোনা গিয়েছে। সেই তালিকায় অন্যতম নাম নীলম কোঠারি। বহু বছর আগে তাঁদের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ আলোচনা হয়েছিল। এত দিন পর সেই পুরনো প্রসঙ্গ নিয়েই মুখ খুললেন অভিনেতা।
১৯৮৬ সালে মুক্তি পাওয়া লাভ ৮৬ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল গোবিন্দর। ছবিটি মুক্তির কিছুদিনের মধ্যেই তিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিকা সুনিতা আহুজা-কে বিয়ে করেন। তবে বিবাহিত জীবনের শুরুটা খুব একটা মসৃণ ছিল না বলেই ইঙ্গিত দিয়েছেন অভিনেতা। কেরিয়ারের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জনও তখন তাঁর পিছু ছাড়েনি।
গোবিন্দের জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। সেই সময়েই নীলম কোঠারীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিশেষ করে আলোচনা শুরু হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন গোবিন্দ।
অভিনেতা জানান, প্রথম দিকে নীলমের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি বেশ অস্বস্তি বোধ করতেন। কারণ, তাঁদের বেড়ে ওঠা ও পারিবারিক পরিবেশ ছিল সম্পূর্ণ আলাদা। ধীরে ধীরে কাজের সূত্রে দু’জনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব আরও গভীর হয়ে ওঠে।
গোবিন্দর (Govinda) কথায়, নীলম অত্যন্ত ভাল মনের মানুষ। তিনি মজা করে বলেন, নীলমকে দেখতে যেন ঠিক পুতুলের মতো লাগত। তাঁর মতে, গ্রাম থেকে উঠে আসা ছেলেদের কাছে এমন সৌন্দর্য ও ব্যক্তিত্ব স্বাভাবিক ভাবেই আকর্ষণীয় হয়ে ওঠে। সেই সময়ের অনুভূতিগুলিও ছিল অনেকটা আলাদা—এখনকার সম্পর্কের মতো নয় বলেই মনে করেন অভিনেতা।
এক সময় এমনও হয়েছিল যে, স্ত্রী সুনীতাকে তিনি নীলমের মতো হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। যদিও পরে নিজের ভুল বুঝতে পারেন গোবিন্দ। পরিস্থিতি যাতে আরও জটিল না হয়, সে জন্য নিজেই দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেন বলে জানান তিনি।
বর্তমানে নীলম কোঠারী নিজের পরিবার নিয়ে সুখে সংসার করছেন। অন্য দিকে গোবিন্দও স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন। অতীতের নানা গুঞ্জন থাকলেও আজ সেই ঘটনাগুলিকে জীবনের এক একটি অধ্যায় হিসেবেই দেখেন অভিনেতা। তাঁর মতে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ অনেক কিছুই নতুন করে উপলব্ধি করতে শেখে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
