নিউজ পোল ব্যুরো: বর্তমান সময়ে থাইরয়েডের (Thyroid) সমস্যা অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সের মানুষ এই সমস্যায় ভুগছেন। শরীরের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি হল থাইরয়েড, যেখান থেকে নিঃসৃত হরমোন শরীরের বহু গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে। বিপাকক্রিয়া, শিশুদের স্বাভাবিক বৃদ্ধি, বুদ্ধির বিকাশ, বয়ঃসন্ধিকালের পরিবর্তন, মহিলাদের ঋতুচক্র এবং সন্তানধারণ—সব ক্ষেত্রেই এই হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আরও পড়ুন: Health Tips: সাবধান! স্মার্টফোন ব্যবহারে ক্ষয় হচ্ছে দাঁত? বিজ্ঞানের এই তথ্য শুনলে চমকে যাবেন আপনিও
কোনও কারণে যদি থাইরয়েড (Thyroid) হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, তা হলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। যেমন—অতিরিক্ত ক্লান্তি, অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া, হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, চুল পড়া, অনিয়মিত ঋতুস্রাব ইত্যাদি। একবার থাইরয়েডের সমস্যা ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের পাশাপাশি জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা জরুরি হয়ে পড়ে।
এই ক্ষেত্রে রান্নাঘরের একটি পরিচিত মশলা বেশ উপকারী হতে পারে। সেটি হল কালোজিরে। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন সকালে ঈষদুষ্ণ গরম জলে আধ চা চামচ কালোজিরের গুঁড়ো মিশিয়ে খেলে থাইরয়েডের সমস্যাকে কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে।
কালোজিরের বীজে থাকে ‘থাইমোকুইনোন’ নামের একটি শক্তিশালী বায়োঅ্যাকটিভ যৌগ। এই উপাদানে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। এগুলি শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে এবং থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কাজকর্মে সহায়তা করতে পারে। ফলে নিয়মিত এই পানীয় খেলে শরীরের সামগ্রিক ভারসাম্য বজায় রাখতে সুবিধা হতে পারে।
শুধু থাইরয়েড নিয়ন্ত্রণেই নয়, কালোজিরে শরীরের আরও নানা উপকারে লাগে।
চুলের যত্নে উপকারী:
কালোজিরের তেল চুলের জন্য অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। এটি চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং খুশকি কমাতেও উপকারী। এতে থাকা ক্যালশিয়াম, আয়রন এবং ম্যাগনেশিয়াম চুলের ফলিকলকে শক্তিশালী করে। নিয়মিত ব্যবহার করলে নতুন চুল গজানোতেও সাহায্য করতে পারে এবং অকাল পাকা চুলের সমস্যাও কিছুটা কমাতে পারে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
মৌসুম বদলের সময় অনেকেই সর্দি-কাশি, জ্বর বা সংক্রমণে ভোগেন। কালোজিরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই সকালে খালি পেটে কালোজিরে মেশানো গরম জল পান করলে শরীরকে নানা সংক্রমণের হাত থেকে রক্ষা করা সহজ হতে পারে।
ওজন নিয়ন্ত্রণে সহায়ক:
কালোজিরে খিদে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং শরীরের বিপাকক্রিয়াও বাড়ায়। তাই যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁদের জন্যও এই পানীয় উপকারী হতে পারে।
তবে মনে রাখতে হবে, কোনও স্বাস্থ্য সমস্যা থাকলে বা নিয়মিত ওষুধ চললে এই ধরনের ঘরোয়া উপায় গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
