Howrah: গরম পড়ার আগেই জলের হাহাকার! হাওড়া–হুগলির একাধিক এলাকায় তীব্র জলসঙ্কট

দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই গরম পুরোপুরি শুরু না হলেও হাওড়া ও হুগলি জেলার একাধিক এলাকায় ইতিমধ্যেই দেখা দিয়েছে ভা তীব্র পানীয় জলের সংকট। ভূগর্ভস্থ জলের স্তর দ্রুত নেমে যাওয়ায় বহু জায়গায় ডিপ টিউবওয়েল থেকে পর্যাপ্ত জল উঠছে না। কোথাও পাইপলাইনের জলের প্রবাহ কমে সরু হয়ে পড়ছে, আবার কোথাও টিউবওয়েল থেকেও ঠিকমতো জল মিলছে না। ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: Lily Chakraborty| আমার রোল কেড়ে নেন বিখ্যাত নায়িকা, বম্বে নয় কলকাতাতেই পেয়েছি বেশি পলিটিক্স

হাওড়া গ্রামীণ জেলার শ্যামপুর–২ ব্লকের অনন্তপুর মিরপাড়া এলাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক। স্থানীয়দের দাবি, গ্রামে জল সরবরাহের জন্য তিনটি গভীর নলকূপ থাকলেও তার মধ্যে দুটি বর্তমানে অকেজো। ফলে প্রায় দেড়শো পরিবারকে একটি মাত্র নলকূপের উপর নির্ভর করতে হচ্ছে। বর্তমানে রমজান মাস চলায় জলের চাহিদাও বেড়েছে, তাই গরম পড়ার আগেই জলের ঘাটতি প্রকট হয়ে উঠেছে।

বাছরি গ্রাম পঞ্চায়েতের কুল্টিকরী গ্রামে ‘সজল ধারা’ প্রকল্পের মাধ্যমে ডিপ টিউবওয়েল থেকে জল তুলে পাইপলাইনের সাহায্যে বাড়ি বাড়ি সরবরাহ করা হয়। কিন্তু গরমের সময় জলের চাহিদা বেড়ে যাওয়া এবং টিউবওয়েল থেকে পর্যাপ্ত জল না ওঠায় এখানেও সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। অন্যদিকে হুগলির ব্যান্ডেল, দেবানন্দপুর ও রাজহাট এলাকাতেও একই সমস্যা দেখা দিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য পাইপলাইন বসানো হলেও এখনও পর্যন্ত সেই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়নি। ফলে প্রতি বছরের মতো এবারও গ্রীষ্মের শুরুতেই পানীয় জলের অভাব দেখা দিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

চুঁচুড়া–মগরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাপস চক্রবর্তীর দাবি, জল জীবন মিশন প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রের বরাদ্দ অর্থ দীর্ঘদিন ধরে আটকে থাকায় কাজের গতি থমকে রয়েছে। এদিকে উত্তর হাওড়ার লিলুয়া, বেলুড় ও বালির বিভিন্ন এলাকাতেও জলের চাপ কমে আসছে। স্থানীয়দের অভিযোগ, এখন থেকেই জল সরু হয়ে পড়ছে এবং এক বালতি জল তুলতে অনেক সময় লাগছে। প্রশাসনের তরফে নতুন জলপ্রকল্পের কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।