শুভদীপ বন্দ্যোপাধ্যায়
টালিগঞ্জ পাড়ার লিলি ফুল তিনি। পর্দায় তিনি আসা মানেই স্নিগ্ধতা ছড়িয়ে পড়া। স্বর্ণযুগ থেকেই তাঁকে দেখলেই দর্শকের মুখে হাসি ফুটে ওঠে। তিনি বর্ষীয়ান অভিনেত্রী (actress) লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। তিনি কলকাতা বম্বে দাপিয়ে একাধারে কাজ করেছেন সত্যজিৎ রায়, হৃষিকেশ মুখোপাধ্যায় থেকে ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) মতো পরিচালকের সঙ্গে। বাংলা মেনস্ট্রিম ছবিতেও তিনি দাপিয়ে কাজ করে গিয়েছেন। তবে এত কাজ করেও শিল্পী জীবনে রয়ে গিয়েছে আফসোস! কারণ তাঁর হাত থেকে ভাল চরিত্র কেড়ে নিয়েছিলেন আরেক বর্ষীয়ান অভিনেত্রী। এমনই অভিযোগ করেছেন লিলি চক্রবর্তী!
উত্তমকুমারের (Uttamkumar) সঙ্গে খুব হৃদতার সম্পর্ক ছিল লিলির। ‘দেয়া নেয়া’ (Deya Neya) থেকে ‘ভোলা ময়রা’ একাধিক ছবি লিলির সঙ্গে করেছেন মহানায়ক।
![]()
লিলির কথায়, ‘দেয়া নেয়া ছবিতে আমি বুড়োদার (তরুণ কুমার) বউ। তো সেই যে বৌঠান বলা উত্তমদা শুরু করলেন, যেখানেই দেখা হত আমায় বৌঠান বলেই ডাকতেন। আমার একবারের জন্য মনে হল না, উনি উত্তম কুমার। এমন ব্যবহার করতেন, মনে হত আমি যেন ওঁর কতদিনের চেনা! উনি আমার ন্যাচারাল অ্যাক্টিং খুব পছন্দ করতেন।’
তবে শুধু সুখস্মৃতি নয়, লিলির রয়েছে অনেক কষ্ট। তাঁর থেকে ভাল রোল ছিনিয়ে নেওয়ার কষ্ট। কেন লিলির থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল রোল? কোন অভিনেত্রী লিলির থেকে ছিনিয়ে নেন রোল?
![]()
লিলি চক্রবর্তী (Lily Chakraborty) জানালেন ‘উত্তমদা আমায় ওঁর প্রোডাকশানের ছবির অফার দেন। ছবির নাম ‘গৃহদাহ’। সেটা আর আমার করা হয়ে ওঠেনি। দোষটা আমার ছিল না। উত্তমদা ওঁর কাছের এক অভিনেত্রীকে নিতে বাধ্য হন। সেটা আমি আমার ভাগ্য বলেই মেনে নেব। ঈশ্বরের কৃপায় এখনও আমার কাজের অভাব নেই। আজকালকার ছেলেমেয়েরাও আমায় যা ভালবাসে, এত ভালবাসা বোধহয় আমি আমার অল্প বয়সে পাইনি। অথচ সেই অভিনেত্রী বলছেন এখন তাঁর হাতে কাজ নেই।’
কে সেই অভিনেত্রী জিজ্ঞেস করেছিলাম লিলি চক্রবর্তীকে। লিলি অকপটে বললেন ‘তিনি সাবিত্রী চট্টোপাধ্যায়। ‘গৃহদাহ’ তে মৃণালের রোল সাবুদি আমার কাছ থেকে ছিনিয়ে নেন। ছবির প্রধান নায়িকা সুচিত্রা সেনের সঙ্গে আমার করার কথা ছিল। কিন্তু দর্শক পেল সাবিত্রী চট্টোপাধ্যায়কে। পরবর্তী কালে বিভিন্ন অনুষ্ঠানে, অভিনয় করতে গিয়েও সাবুদির সঙ্গে দেখা হয়েছে। ‘গৃহদাহ’র বিষয়ে আর কখনও প্রশ্ন করিনি।’
যদিও দর্শকদের মতে মৃণাল চরিত্রে ফাটাফাটি অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। চটপটে কথার গ্রাম্য বউয়ের চরিত্রে সাবিত্রী আজও অতুলনীয়। তবে লিলি কেমন করতেন সে প্রশ্ন রয়েই গিয়েছে আজও।
