নিউজপোল ব্যুরো: এবার আর নায়ক নয়, এবার প্রযোজক হিসেবে সামনে আসতে চলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। কিন্তু নতুন যাত্রার শুরুতেই ধাক্কা খেলেন বিক্রম।
তাঁর নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’ (Taarkata)-র মাধ্যমে শুরু হচ্ছে তাঁর প্রযোজনা সংস্থা বিক্রম চ্যাটার্জি ফিল্মস বা VC Films (Vikram Chatterjee Films)-এর পথচলা। ‘তারকাটা’ সিরিজে অভিনেতা ও প্রযোজক দুই রূপেই দেখা যাবে বিক্রমকে।
এই সিরিজটির শুটিং করতে গিয়ে পায়ে চোট পেয়েছেন বিক্রম৷ সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন বিক্রম৷ অনুরাগীরা তাঁর আরোগ্য কামনা করছেন৷ কিন্তু ঘটনাটা কী?
![]()
বিক্রম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “তারকাটা অ্যাকশন সিরিজ৷ একটি মেলার মধ্যে শুট করছিলাম ইউনিটের সবাই৷ একটা দৃশ্য ছিল যেখানে সত্যম (ভট্টাচার্য) ঢুকবে আর আমাকে বাঁচাবে৷ সত্যম আমাকে ফ্রেম থেকে ধরে নিয়ে বেরোবে- এরকম হওয়ার কথা ছিল৷ বেরোনোর সময় আমি আর সত্যম দু’জনেই ব্যালান্স হারাই। সত্যম আমার উপর পড়ে৷ প্রথমে হাঁটুতে লাগে তারপর গোড়ালি মচকে যায়৷ যেহেতু আমাদের ২০ আর ২১ তারিখ ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং, ওখানেও অ্যাকশন দৃশ্য আছে৷ তাঁর আগে পা-কে একটু বিশ্রাম দিতে হবে৷ তাই ছয় সাত দিনের একটা ব্রেক নিতে হচ্ছে৷ ২২ বা ২৩ তারিখ থেকে আবার কাজ শুরু হবে৷”
সিরিজটি পরিচালনা করছেন শমীক রায়চৌধুরী। অভিনয়ে থাকছেন মেইয়াং চ্যাং, প্রিয়াঙ্কা সরকার, সত্যম ভট্টাচার্য, আয়ুষ দাস এবং সুশ্মিতা রায়। এই প্রথম কোনও বাংলা সিরিজে অভিনয় করতে চলেছেন মেইয়াং চ্যাং।
এই চরিত্রের জন্য বিক্রম ওজন কমিয়েছেন, দাড়ি-চুল বড় করেছেন৷ এখন পায়ের চোট সারিয়ে আবার শুটিং শুরুর অপেক্ষা৷ নিজের এই নতুন ভাবে আত্মপ্রকাশ কোনওভাবেই বিফলে দিতে যেতে চান না বিক্রম। সকলের শুভকামনা রয়েছে তাঁর সঙ্গে।
