ED : নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি, তলব প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন ও কুন্তল ঘোষকে

রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: বঙ্গের রাজনৈতিক অঙ্গনে ফের চাঞ্চল্য ছড়াল নিয়োগ দুর্নীতি মামলা ঘিরে। বিধানসভা ভোটের আগে আবারও সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) এবার তলব করা হল রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈনকে। একইসঙ্গে এই মামলায় হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হয়েছে হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকেও। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহেই দু’জনকে কলকাতার ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার দাবি, এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে (Teacher Recruitment Scam) সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন তথ্য সামনে এসেছে। সেই সূত্র ধরেই তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় ইডি। ওই নতুন তথ্যের ভিত্তিতেই কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে। একই মামলায় প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈনকেও জেরা করতে চান তদন্তকারীরা।

আরও পড়ুন : Reliance: তেলের সংকট মেটাতে ত্রাতা রিলায়েন্স; দেশের স্বার্থে বড় পদক্ষেপ আম্বানিদের

উল্লেখযোগ্য বিষয় হল, এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় (West Bengal Recruitment Scam) একাধিকবার মণীশ জৈনকে তলব করেছিল সিবিআই (Central Bureau of Investigation)। সেই সময় তিনি তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছিলেন। তবে এবার একই মামলার অর্থ লেনদেন সংক্রান্ত দিক খতিয়ে দেখতে ইডি (ED) তাকে ডেকে পাঠিয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary TET Recruitment Scam) আগে থেকেই গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। প্রথমে সিবিআই এই মামলায় তাকে গ্রেফতার করে। পরে অর্থ পাচার সংক্রান্ত অভিযোগে ইডিও তাকে গ্রেফতার করে। যদিও বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। তদন্তকারীদের ধারণা, নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক লেনদেনের বিষয়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এদিকে আদালতেও এই মামলার শুনানি ঘিরে নতুন নির্দেশ জারি হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (CBI Chargesheet Case) মানিক ভট্টাচার্য, রত্না বাগচি এবং বিভাস অধিকারীকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ইতিমধ্যেই এই মামলায় সিবিআই (CBI) চার্জশিট জমা দিয়েছে। তবে এদিন আদালতে হাজিরা দেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতে উপস্থিত থাকতে পারেননি বলে আইনজীবীর মাধ্যমে আদালতকে জানানো হয়েছে। যদিও এদিন আদালতে উপস্থিত ছিলেন পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ জুন ইডি (ED Investigation) এবং সিবিআই (CBI)—দুই মামলারই পরবর্তী শুনানি একসঙ্গেই হবে।