নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এরই মধ্যে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি গ্যাস সরবরাহ নিয়ে অসন্তোষ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, অনেক ক্ষেত্রেই গ্যাস বুকিং করা যাচ্ছে না, আর বুকিং হলেও কবে সিলিন্ডার মিলবে তা স্পষ্ট নয়। কেন্দ্রের তরফে আগে থেকেই জানানো হয়েছে, বুকিংয়ের পর অন্তত ২৫ দিন অপেক্ষা করতে হবে। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে ক্ষোভ বাড়ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ ঘিরেও রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে।
এই আবহেই শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতে চলেছেন নরেন্দ্র মোদি। তবে সেই সভায় ভিড় কতটা হবে, তা নিয়ে বিজেপির অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত ২৯৪টি বিধানসভা আসনের সব প্রার্থীর নাম ঘোষণা করা যায়নি। সূত্রের খবর, আপাতত প্রায় ১৫০ জনের নাম নিয়ে ঐকমত্য হয়েছে। পাশাপাশি দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব ও আদি-নব্য নেতৃত্বের টানাপোড়েনও অনেক ক্ষেত্রে কর্মীদের উৎসাহে প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য উল্লেখযোগ্য বরাদ্দ না থাকা এবং বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের অসন্তোষের কথাও সামনে আসছে। এর মধ্যেই ব্রিগেড সভায় ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকদের আনার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে দলীয় নেতৃত্ব। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে প্রায় এক লক্ষ সমর্থক আনার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
সূত্রের খবর, সভায় উপস্থিতির হিসেব রাখতে এবার ড্রোন ও এআই প্রযুক্তির সাহায্যে নজরদারি চালানো হতে পারে। বিজেপির দিল্লির আইটি সেলের একটি বিশেষ দল ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে বলে দলীয় সূত্রে দাবি। ব্রিগেডের ময়দানে উপস্থিতির চিত্র কেমন হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
