নিউজ পোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে জমি বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তির উপর নৃশংস হামলার অভিযোগ উঠল তারই মেজ দাদা ও পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে বারুইপুর থানার অন্তর্গত যোগীবটতলার মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: কখন প্রকাশ হবে SIR-এর সাপ্লিমেন্টারি তালিকা? দিন-সময় জানিয়ে দিল কমিশন
আহতের নাম টোটন খান। অভিযোগ, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে মেজ দাদা মমতাজ খান ও তাঁর পরিবারের সদস্যরা মিলে টোটন খানের উপর হামলা চালায়। প্রথমে তাঁর চোখে অ্যাসিড ছোড়া হয়, এরপর দা দিয়ে মাথা, হাত-সহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ির কাছে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে সেখান থেকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন।
বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মমতাজ খান ও টোটন খানের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল। কয়েকদিন আগে টোটনের পরিবারের সদস্যদেরও মারধরের অভিযোগ ওঠে। সেই ঘটনায় মমতাজ খানের পরিবারের কয়েকজনকে পুলিশ আটক করলেও অভিযোগ না থাকায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, ইদের দিন সকাল থেকেই টোটন খানের পরিবারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল, যা রাতে ভয়ংকর রূপ নেয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
হামলার পর গ্রামবাসীদের হাতে ধরা পড়ার ভয়ে অভিযুক্তরা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। উত্তেজিত গ্রামবাসীরা তাদের বাইরে থেকে আটকে রাখে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ এক নাবালক-সহ ছয় জনকে আটক করে ঘটন তদন্ত শুরু করেছে।
