নিউজ পোল ব্যুরো: জ্বালানি সঙ্কট (Fuel Crisis) ঘিরে উদ্বেগ বাড়তেই শুরু হয়েছে নানা জল্পনা। দেশে কি ফের লকডাউন (Lockdown) ফিরতে চলেছে? সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং জ্বালানি সরবরাহে টানাপোড়েনের কারণে সাধারণ মানুষের মধ্যে এই আশঙ্কা আরও জোরদার হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মায়ানমারের মতো একাধিক দেশ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ফুয়েল এমার্জেন্সি (Fuel Emergency) ঘোষণা করেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভারতও কি সেই পথে হাঁটবে? এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্য ঘিরেও আলোচনার ঝড় ওঠে। তিনি জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করায় অনেকেই মনে করতে শুরু করেন, হয়তো বড় কোনও পদক্ষেপ আসতে চলেছে। তবে এই সমস্ত জল্পনায় জল ঢেলেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)।
আরও পড়ুন: G7 Summit : জি৭ সম্মেলনে ফ্রান্সে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
সম্প্রতি তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন (Hardeep Singh Puri), দেশে পুনরায় লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই। কোভিড-১৯ (COVID-19) পরিস্থিতির সময় যেমন জাতীয় স্তরে লকডাউন হয়েছিল, তেমন পরিস্থিতি এখন নেই বলেই জানিয়েছেন তিনি (Hardeep Singh Puri)। তার কথায় (Hardeep Singh Puri), “লকডাউন নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেন্দ্রীয় সরকার এমন কোনও পদক্ষেপের কথা ভাবছেই না।” এক্স হ্যান্ডেলে (X-Handle) তিনি লেখেন, এই মুহূর্তে দেশের মানুষের শান্ত ও দায়িত্বশীল থাকা অত্যন্ত জরুরি। অযথা আতঙ্ক না ছড়িয়ে একসঙ্গে পরিস্থিতির মোকাবিলা করাই উচিত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উল্লেখ্য, ইরান-আমেরিকা সংঘাতের (Iran-US Conflict) জেরে হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) জ্বালানি পরিবহণে ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে এলপিজি (LPG), পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) সরবরাহে। এই আশঙ্কাতেই দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল পাম্পে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই আগেভাগে জ্বালানি মজুত করার চেষ্টা করছেন। তবে কেন্দ্রীয় মন্ত্রী আশ্বস্ত করে জানিয়েছেন, ভারতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। জরুরি অবস্থার মোকাবিলায় সব ধরনের প্রস্তুতিও রয়েছে। তাই সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাওয়ারই পরামর্শ দেওয়া হয়েছে।
