Aadhaar cards found New Town:নিউটাউনে খালের পাড়ে বস্তাভর্তি আধার কার্ড! ‘নাম ছাঁটার খেলায় বিএলও?’—তপ্ত রাজনীতি, তদন্তে প্রশাসন

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:লোকসভা নির্বাচনের আবহে চাঞ্চল্যকর ঘটনা নিউটাউনে (Aadhaar cards found New Town)। রবিবার দুপুরে শুলনগুড়ি দক্ষিণপাড়া এলাকার একটি খালের পাড় থেকে উদ্ধার হল বস্তাভর্তি ৪০০-রও বেশি আধার কার্ড। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে, পাশাপাশি উঠেছে ভোটার তালিকা নিয়ে বড়সড় প্রশ্ন।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/04/19/west-bengal-election-2026-farmers-rights-modi-mamata-syndicate-msp/

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খেলার সময় কয়েকজন শিশু প্রথমে একটি পরিত্যক্ত বস্তা দেখতে পায় খালের ধারে। সন্দেহ হওয়ায় বিষয়টি তারা বড়দের জানায়। এরপর বস্তাটি খুলে দেখা যায়, তার ভিতরে স্তূপ করে রাখা রয়েছে অসংখ্য আধার কার্ড। প্রতিটি কার্ডেই ওই এলাকার বাসিন্দাদের নাম ও ঠিকানা উল্লেখ রয়েছে বলে দাবি স্থানীয়দের।

খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভিড় জমে যায় ঘটনাস্থলে। বাসিন্দাদের অভিযোগ, ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রয়োজনীয় নথি হিসেবে এই

আধার কার্ডগুলি (Aadhaar cards found New Town) স্থানীয় বিএলও (বুথ লেভেল অফিসার)-এর কাছে জমা দেওয়া হয়েছিল। অথচ সেই গুরুত্বপূর্ণ নথিই এভাবে ফেলে রাখা হয়েছে খালের ধারে—এতে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এর পিছনে রয়েছে পরিকল্পিত চক্রান্ত। দলের স্থানীয় নেতৃত্বের দাবি, সংশ্লিষ্ট বিএলও বিজেপি-ঘনিষ্ঠ এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল সমর্থকদের আধার কার্ড সরিয়ে দিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তাদের কথায়, “মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্যই এই নোংরা খেলা।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

অন্যদিকে, এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

ইতিমধ্যেই রাজ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে বিতর্ক চরমে। তার মধ্যেই এমন ঘটনা প্রশাসনের চিন্তা বাড়িয়েছে। সাধারণ মানুষের ব্যক্তিগত নথির নিরাপত্তা নিয়েও উঠছে বড় প্রশ্ন।

পুলিশ ও নির্বাচন কমিশন ঘটনার তদন্ত শুরু করেছে। বিএলও-র গাফিলতি, নাকি এর পিছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক চক্রান্ত—সেই উত্তর খুঁজতেই এখন জোর তৎপরতা চলছে।