নিউজ পোল ব্যুরো: অবশেষে প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার (WB Madhyamik result 2026) ফল। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৮৪ দিনের মধ্যেই ফলপ্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এ বছর মাধ্যমিকে সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৮৬.৮৩ শতাংশ।
এবারের পরীক্ষায় (WB Madhyamik result 2026) প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮। দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূমের সরোজিনী দেবী সরস্বতী শিশু বিদ্যামন্দিরের ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়, যার প্রাপ্ত নম্বর ৬৯৬। তৃতীয় স্থান যৌথভাবে অর্জন করেছে তিন জন পরীক্ষার্থী। তারা হল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সৌর জানা, পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষামন্দিরের অঙ্কনকুমার জানা এবং বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলের মৈনাক মণ্ডল। তিনজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৫।
মাধ্যমিকের (WB Madhyamik result 2026) মেধাতালিকায় প্রথম দশে জায়গা পেয়েছে মোট ১৩১ জন পরীক্ষার্থী। প্রথম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বরের শতাংশ ৯৯.৭১। দশম স্থানে থাকা পরীক্ষার্থীদের নম্বরের শতাংশ ৯৮.২১।জেলা ভিত্তিক পাশের হারে এ বছর শীর্ষে রয়েছে কালিম্পং। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।
চলতি বছরে মোট ৯ লক্ষ ৭১ হাজার ৬২৫ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। তার মধ্যে ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন পরীক্ষায় অংশ নেয়। এ বছরও ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল বেশি। রাজ্যের ২৬৮২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় এবং প্রায় ৫২ হাজার শিক্ষক উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব সামলেছেন। সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে পরীক্ষার্থীরা নিজেদের ফল দেখা যাচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
