লক্ষ্মণের ঘরেই ত্রাণের পাহাড়! গরিবের হক লুটের অভিযোগে তোলপাড় সন্দেশখালি।

অপরাধ আইন দেশ

নিউজপোল ব্যুরোঃ উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এক পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী এবং কিছু কৃষি-সহায়ক সরঞ্জাম উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা লক্ষ্মণ অধিকারীর নামও আলোচনায় উঠে এসেছে। সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা বিভিন্ন ত্রাণসামগ্রী নির্দিষ্ট সময়ে উপভোক্তাদের হাতে পৌঁছনোর পরিবর্তে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জায়গায় মজুত রাখা হয়েছিল। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ত্রিপল, কম্বল এবং অন্যান্য সরকারি সহায়তা সামগ্রী রয়েছে । বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তাদের উপস্থিতিতে তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট স্থান থেকে একাধিক সামগ্রী উদ্ধার করা হয়। এরপরই স্থানীয় বাসিন্দাদের একাংশ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন। তাঁদের দাবি, দুর্যোগের সময়ে যেসব সামগ্রী অসহায় মানুষের কাছে পৌঁছনোর কথা ছিল, সেগুলি কেন বছরের পর বছর ধরে সংরক্ষিত অবস্থায় পড়ে ছিল, তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।

এলাকাবাসীদের একাংশের অভিযোগ, এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সন্দেশখালির রাজনৈতিক পরিবেশও বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। তদন্তের অগ্রগতির এখন কোনদিকে যায় ও এর কি ফল বের হয় সেদিকেই নজর এখন সাধারণ মানুষের ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :https://youtube.com/@newspolebangla