নিউজপোল ব্যুরোঃ মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ নামের একটি হিন্দি ছবি। অভিনেতা Salman Khan-এর জীবনের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলা এবং গ্যাংস্টার Lawrence Bishnoi-কে ঘিরে তৈরি এই ছবিকে কেন্দ্র করে শুরু হয়েছে আইনি টানাপোড়েন। অভিনেতার আইনজীবীদের পক্ষ থেকে ছবির প্রযোজক ও পরিচালকের কাছে একটি আইনি নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ছবির প্রচারে ব্যবহৃত পোস্টার, টিজার এবং অন্যান্য প্রচারমূলক সামগ্রী অবিলম্বে সরিয়ে নিতে হবে। পাশাপাশি ছবির মুক্তির প্রক্রিয়াও স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।
সালমান খানের পক্ষের অভিযোগ, ছবিটি তাঁর ব্যক্তিগত জীবন, পুরনো মামলা এবং জনসমক্ষে পরিচিত ব্যক্তিত্বকে কেন্দ্র করে নির্মিত হলেও সেই বিষয়ে তাঁর কোনও অনুমতি নেওয়া হয়নি। এর ফলে তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে ছবির সৃষ্টিকর্তারা পাল্টা দাবি করেছেন, তাঁরা কোনও বেআইনি কাজ করেননি। তাঁদের বক্তব্য, একটি আলোচিত সামাজিক ও আইনি ঘটনাকে কেন্দ্র করে গল্প নির্মাণ করা হয়েছে। আইনি নোটিসকে তাঁরা ছবির উপর চাপ সৃষ্টি করার প্রচেষ্টা হিসেবেই দেখছেন। ফলে এখন ছবির ভবিষ্যৎ অনেকটাই আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। মুক্তির আগেই এই বিতর্ক বলিউডে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে । আইনি লড়াই কোন দিকে মোড় নেয় এবং ছবিটি শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে পৌঁছতে পারে কি না, সেদিকেই নজর রয়েছে চলচ্চিত্রপ্রেমী ও বিনোদন জগতের।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :–https://youtube.com/@newspolebangla