নিউজ পোল ব্যুরো: বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দা আর স্ত্রী সুনীতার (Govinda-Sunita) দাম্পত্য নিয়ে তোলপাড় গুঞ্জন। চারদিকে যখন বিচ্ছেদের কথা উঠছে, তখনই ছেলের ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে জল্পনা আরও উস্কে গেল। যশবর্ধন আহুজা (Yashvardhan Ahuja) শেয়ার করলেন পুজোপাঠের ছবি। আর নেটিজেনরা প্রশ্ন তুলছেন বাবা-মায়ের ভাঙন আটকাতেই কি পুজোয় মন দিলেন তারকাপুত্র?
ছবিতে দেখা গিয়েছে সাজানো পুজোর থালা, পুরোহিত বসে মন্ত্রপাঠ করছেন। পাশে পরিবারের পোষ্য সারমেয়। ক্যাপশনে যশবর্ধনের লেখা “আমাদের ছোট্ট ছেলে পুজোয় যোগ দিয়েছে।” ফ্রেমে আরও দু’জনকে দেখা গেলেও পূর্ণ অবয়ব স্পষ্ট নয়। একজনের পরনে ধুতি, অন্যজনের জিনস। অনেকেই দাবি করছেন, ধুতি পরা মানুষটি নাকি গোবিন্দা নিজে। আবার অনেকে একে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দা ও সুনীতা (Govinda-Sunita)। বছর খানেকের মধ্যেই তাঁদের সংসারে আসে মেয়ে টিনা, পরে জন্ম নেয় ছেলে যশবর্ধন। কিন্তু সুখী সংসারের ছবির আড়ালে গত কয়েক মাস ধরে ঘনিয়েছে অশান্তি। জানা গিয়েছিল, গত বছর গোবিন্দার গুলিবিদ্ধ হওয়ার ঠিক আগে ডিভোর্সের মামলা দায়ের করেছিলেন সুনীতা। যদিও তাঁদের আইনজীবী ললিত বিন্দাল (Lalit Bindal) জানিয়েছিলেন যতই জল্পনা থাকুক, সম্পর্ক অটুট, তাঁরা আলাদা হবেন না।
সুনীতা নিজেও একাধিক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলেন, “যেদিন আমাদের বিচ্ছেদ হবে, প্রথম আমি জানাব। গোবিন্দা কোনও দিন সংসার ভাঙবেন না। ভগবানও আমার ঘর ভাঙতে দেবেন না।” তবু নতুন করে শোনা যাচ্ছে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগে নাকি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুনীতা। তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি কেউই। এরই মাঝে শুক্রবার মুম্বই বিমানবন্দরে হাসিখুশি মেজাজে দেখা গেল গোবিন্দাকে। তাই প্রশ্নটা থেকেই যাচ্ছে সত্যিই কি ফাটল ধরেছে তারকা দম্পতির (Govinda-Sunita) সম্পর্কে, নাকি নিছক গুঞ্জন? উত্তর দেবে সময়ই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
