নিউজ পোল ব্যুরো: চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। শারীরিকভাবে বেশ কিছুদিন ধরেই ভাল নেই অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কখনও পায়ে চোট, কখনও আবার কাজের ব্যস্ততার কারণে অনিয়মিত জীবনযাপন—সব মিলিয়েই শরীর ভুগছে বারবার। কয়েক মাস আগেও অসুস্থ হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আর এবার ফের জ্বরে কাবু হলেন রুক্মিণী। ইদানীং আবহাওয়া যেমন—একদিন বৃষ্টি, পরদিনই আবার প্রচণ্ড গরম—ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। সেই তালিকায় নাম লিখিয়েছেন অভিনেত্রীও।
আরও পড়ুন: Jaswinder Bhalla Death News : জনপ্রিয় পাঞ্জাবি অভিনেতা জসবিন্দর ভল্লার প্রয়াণে শোকের ছায়া
১০২ ডিগ্রি জ্বর নিয়ে শয্যাশায়ী রুক্মিণী। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একটি সেলফি শেয়ার করে তিনি জানিয়েছেন, ভাইরাল জ্বরে ভুগছেন।শিল্পমহলের গুঞ্জন, রুক্মিণী নাকি এখন প্রায় পাকাপাকিই মুম্বইয়ে থাকছেন। সেখানে নাকি নিয়মিত ওয়ার্কশপ করছেন এবং পাশাপাশি মডেলিং ও বিজ্ঞাপনের কাজ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন। বহু দিন ধরেই মায়ানগরীতে তার কাজের পরিধি বাড়ছে। আর সেই ব্যস্ততার মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। রুক্মিণীকে নিয়ে আলোচনার সূত্রপাত অবশ্য আরও আগে থেকেই। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’র মুক্তি ঘিরে ফের সরগরম হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি। দর্শকদের একাংশের দাবি ছিল, দেব–শুভশ্রী জুটি আবার একসঙ্গে আসায় নাকি বিরক্ত অভিনেতার বিশেষ বান্ধবী রুক্মিণী। যদিও এই ধরনের জল্পনা উড়িয়ে দিয়েছেন সকলে।‘ধূমকেতু’র প্রোমো ইভেন্টের দিন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে শুভশ্রীর স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী এবং দেবের বান্ধবী রুক্মিণীকে নিয়ে দর্শকদের একাংশ নানা সমালোচনা শুরু করে। শেষে প্রযোজক হিসেবে দেব প্রকাশ্যে রাজ, শুভশ্রী এবং রুক্মিণীর কাছে ক্ষমা চান। তবে সম্প্রতি এক গয়নার দোকানের উদ্বোধনে এসে রুক্মিণী সাফ জানিয়েছেন, দেবের তার কাছে ক্ষমা চাওয়ার কোনও প্রয়োজন নেই। ব্যক্তিগত সম্পর্কে এই সব বাইরের কথাবার্তার কোনও প্রভাব পড়ে না বলেই মন্তব্য করেছিলেন তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অভিনয়ের দিক থেকে রুক্মিণীর শেষ কাজ ছিল ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। তার পর থেকে আর কোনও ছবিতে তাকে দেখা যায়নি। শোনা যাচ্ছে, বর্তমানে তিনি বিভিন্ন নতুন চিত্রনাট্য পড়ছেন এবং উপযুক্ত কাজ বেছে নিতে চাইছেন সময় নিয়ে।সব মিলিয়ে এখন রুক্মিণীর মূল লড়াই শরীরের সঙ্গে। ভক্তরা আশা করছেন, শিগগিরই তিনি সুস্থ হয়ে আবারও পর্দায় ফিরবেন।
