গরমের পারদ ঊর্ধ্বমুখী, দক্ষিণবঙ্গে কবে মিলবে স্বস্তি? ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল মানুষ, সপ্তাহের শেষে বৃষ্টির ইঙ্গিত।

আবহাওয়া

নিউজপোল ব্যুরোঃ দক্ষিণবঙ্গ জুড়ে ফের বাড়তে শুরু করেছে গরমের অস্বস্তি। সকাল থেকেই রোদের তেজ এবং বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে নাজেহাল সাধারণ মানুষ। আবহাওয়াবিদদের মতে, আগামী দু’দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে দিনের পাশাপাশি রাতেও অস্বস্তিও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই গুমোট আবহাওয়া বজায় থাকবে। আকাশে মেঘের আনাগোনা থাকলেও তা গরম কমানোর জন্য যথেষ্ট নয়। কর্মক্ষেত্রে বের হওয়া মানুষ থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়া— সকলের কাছেই এই আবহাওয়া বেশ কষ্টকর হয়ে উঠেছে। তবে এই গরমের মধ্যেই কিছুটা স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়া দফতরের সূত্রানুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। সেই বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

বর্ষা পুরোপুরি সক্রিয় না হওয়া পর্যন্ত গরম ও আর্দ্রতার দাপট মাঝেমধ্যেই ফিরে আসবে। তাই প্রয়োজন ছাড়া দুপুরের প্রখর রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত জল পান করা এবং শরীরকে ঠান্ডা রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের মানুষ এখন আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন এক পশলা স্বস্তির বৃষ্টির। কিন্তু আপাতত গরমের সঙ্গে লড়াই চালিয়েই দিন কাটাতে হবে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :https://youtube.com/@newspolebangla