Rupali Bhattacharya: হাঁটতে বেরিয়ে হেনস্থার অভিযোগ অভিনেত্রী রুপালির, থানায় অভিযোগ দায়েরের পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ

পেজ 3

নিউজ পোল ব্যুরো: কলকাতার পাটুলি এলাকায় সন্ধ্যার হাঁটাহাঁটির সময় হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুললেন অভিনেত্রী রুপালি ভট্টাচার্য (Rupali Bhattacharya)। ঘটনার পর তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুধু একটি নয়, পরপর দু’দিন একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে বলেও দাবি করেছেন অভিনেত্রী। তাঁর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকার পরিবেশে পরিবর্তন এসেছে, যার সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা।

আরও পড়ুন:  Susmita Dey: আবার ছোটপর্দায় ফিরছেন সুস্মিতা দে? নতুন ধারাবাহিক নিয়ে জোর জল্পনা টলিপাড়ায়

রুপালির (Rupali Bhattacharya) কথায়, তিনি গত চার বছর ধরে পাটুলির বাসিন্দা এবং নিয়মিত শরীরচর্চার অংশ হিসেবে প্রতিদিন হাঁটতে বেরোন। ২৪ জুনও অন্য দিনের মতোই হাঁটছিলেন। প্রথমে তিনি অনুভব করেন, একটি সাইকেল আরোহী তাঁর খুব কাছ দিয়ে চলে যায়। বিষয়টি বিশেষ গুরুত্ব দেননি। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখেন, একই যুবক আবার সাইকেল ঘুরিয়ে তাঁর দিকে আসছে।

অভিনেত্রীর অভিযোগ, আচমকাই ওই ব্যক্তি তাঁর শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার জন্য তিনি সঙ্গে সঙ্গে ধাক্কা দেন। সেই ধস্তাধস্তির সময় তাঁর হাতেও আঘাত লাগে। তবে অভিযুক্ত দ্রুত সাইকেল নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি চিৎকার করে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেন এবং পরে পাটুলি থানায় গিয়ে এফআইআর দায়ের করেন।

রুপালি জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ করে। তদন্তকারীরা তাঁর সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনও করেন। পুলিশের এই সহযোগিতায় তিনি সন্তোষ প্রকাশ করলেও এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিনেত্রী আরও দাবি করেন, ২৬ জুন ফের একই ধরনের হেনস্থার মুখে পড়তে হয় তাঁকে। তবে দ্বিতীয়বার তিনি থানায় অভিযোগ জানাননি। তাঁর কথায়, বারবার একই অভিযোগ করতে যাওয়ার বদলে প্রশাসনের তরফে স্থায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, সেই প্রশ্নের উত্তরে রুপালি স্পষ্ট জানিয়েছেন, তিনি সরাসরি কোনও রাজনৈতিক সংযোগ দেখছেন না। তবে তাঁর মতে, প্রশাসনিক পরিবর্তন বা অস্থিরতার সময় অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে এবং সেই সুযোগেই এ ধরনের ঘটনা ঘটতে পারে।

এই ঘটনার পর শহরে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জনবহুল এলাকাতেও যদি প্রকাশ্যে এমন অভিযোগ সামনে আসে, তা হলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠছে বিভিন্ন মহলে। রুপালির আশা, তদন্তের মাধ্যমে অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করা হবে এবং ভবিষ্যতে যাতে অন্য কাউকে এমন পরিস্থিতির মুখে না পড়তে হয়, সেই ব্যবস্থা নেবে প্রশাসন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole