বোলতার চাক তাড়াতে গিয়ে লঙ্কাকাণ্ড! মগরাহাটে কাপড়ের কারখানায় বিধ্বংসী আগুন!

breakingnews অফবিট

নিউজপোল ব্যুরো: বোলতার চাক পোড়াতে গিয়ে খোদ কাপড়ের কারখানাতেই লেগে গেল লঙ্কাকাণ্ড! মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ব্যস্ত সবজি বাজারের পেছনের একটি পোশাক তৈরি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সামান্য এক অসাবধানতা যে মুহূর্তের মধ্যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, মগরাহাটের এই হাড়হিম করা ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ।

আগুনের শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে যায় রাতের আকাশ, যা দেখে ভয়ে চিৎকার শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ঠিক কী ঘটেছিল কাল রাতে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানার পাশে থাকা একটি বড় বোলতার চাক তাড়ানোর জন্য আগুন দেওয়া হয়েছিল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেই আগুন ছিটকে গিয়ে পড়ে পাশের একটি হাই-ভোল্টেজ বিদ্যুতের তারের ওপর! মুহূর্তের মধ্যে শর্ট সার্কিট হয়ে আগুন একের পর এক বৈদ্যুতিক সংযোগে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর রূপ নেয়। কাপড়ের কারখানার দাহ্য বস্তুর সংস্পর্শে এসে আগুন যেন আরও মারকুটে হয়ে ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় বাসিন্দারা নিজেরাই বালতি বালতি জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা শুরু করেন। খবর পেয়েই ঘটনাস্থলে ঝড়ের গতিতে ছুটে আসে মগরাহাট থানার পুলিশ বাহিনী এবং দমকলের ইঞ্জিন।

ভাগ্য ভালো থাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনো হতাহত বা বড়সড় প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয়দের মতে, দমকল ও আমজনতার সময়মতো আসায় অল্পের জন্য এক বিরাট বিপর্যয় ও মৃত্যুমিছিল এড়ানো সম্ভব হয়েছে।