নিউজপোল ব্যুরো: আবাস যোজনার টাকা কি সত্যিই গরিব মানুষের ঘরে পৌঁছেছিল, নাকি মাঝপথেই তৈরি হয়েছিল কোটি টাকার ভুয়ো খেলা? দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে এবার সামনে এল এমনই এক বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই জাহাঙ্গির খানকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডার দাবি, দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার তালিকায় উপভোক্তাদের আসল নামের বদলে কোড নেম ব্যবহার করা হয়েছিল। শুধু তাই নয়, সেই কোড নেমের পাশেই লেখা ছিল টাকার অঙ্ক। তাঁর অভিযোগ, এই পদ্ধতিতে সরকারি টাকার হিসাব গোপন রেখে বড় ধরনের দুর্নীতি করা হয়েছে।
বিধায়কের আরও দাবি, আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে কাটমানিও নেওয়া হয়েছিল। তাঁর অভিযোগ, পুরো বিষয়টি একটি সংগঠিত চক্রের মাধ্যমে চালানো হয়েছে। এই ঘটনায় জাহাঙ্গির খান ও তাঁর কয়েকজন ঘনিষ্ঠের বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার প্রতারণার অভিযোগও তোলা হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষের প্রশ্ন, যদি অভিযোগ সত্যি হয়, তাহলে সরকারি প্রকল্পের টাকা কোথায় গেল? কার নির্দেশে উপভোক্তাদের নামের বদলে কোড ব্যবহার করা হয়েছিল? এই টাকার আসল সুবিধাভোগী কারা?
এখন সবচেয়ে বড় প্রশ্ন, তদন্ত শুরু হলে কি সামনে আসবে আরও বড় নাম? আগামী দিনে তদন্তের মোড়ই ঠিক করবে এই অভিযোগের আসল সত্য সামনে আসে কি না।
