নিউজপোল ব্যুরো: দিনের শুরুতেই যেন রাতের অন্ধকার। ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ, আর তার সঙ্গেই রাজ্যের একের পর এক জেলায় শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। কোথাও টানা বর্ষণ, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া। আবহাওয়াবিদদের মতে, পূর্ব বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া অস্থির থাকবে। ফলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—দুই অংশেই বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী পাঁচ দিন দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের আশঙ্কা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শুক্রবার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় বিশেষ নজর রাখছে প্রশাসন।
আবহাওয়াবিদদের মতে, রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং পূর্ব বাংলাদেশের ঘূর্ণাবর্ত একসঙ্গে সক্রিয় থাকায় বৃষ্টির এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা বলবৎ থাকবে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, জল জমা এলাকায় সতর্ক থাকা এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহের শুরু পর্যন্ত রাজ্যবাসীকে ঝড়-বৃষ্টি নিয়েই চলতে হবে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস।
