নিউজ পোল ব্যুরো:কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে জাতীয় রাজনীতিতে যখন শিক্ষাব্যবস্থা ও পরীক্ষা পরিচালনা নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে, ঠিক সেই আবহেই পাঞ্জাবে প্রশ্নপত্র ফাঁসের (Punjab question paper leak) অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক সংঘাতের সৃষ্টি হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী হরজ্যোৎ সিং বেইনসের পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিজেপি। একই সুরে শাসক আম আদমি পার্টি (আপ)-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেসও। যদিও সমস্ত অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে আপ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান স্পষ্ট ভাষায় দাবি করেছেন, তাঁর সরকারের আমলে পাঞ্জাবে একটিও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন:Abhishek Banerjee:’জনপ্রিয়তার চেয়ে মূল্যবোধকে গুরুত্ব দিন’ তরুণদের বার্তা অভিষেকের!
বিজেপির অভিযোগ, পাঞ্জাব স্কুল এডুকেশন বোর্ডের (PSEB) দ্বাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষা, পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট (PSTET) এবং কৃষি উন্নয়ন আধিকারিক (ADO) নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এই অভিযোগকে সামনে রেখেই বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি প্রশ্ন তোলেন, “পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করবেন? নৈতিকতার খাতিরে অরবিন্দ কেজরিওয়াল কবে তাঁর পদত্যাগ দাবি করবেন?”
এই ইস্যুতে বিজেপির পাশাপাশি কংগ্রেসও শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা অভিযোগ করেন, গত চার বছরে পাঞ্জাবে অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। তাঁর দাবি, এর ফলে অসংখ্য পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। সরকারের জবাবদিহির অভাবের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষামন্ত্রীর নৈতিক দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং রাজ্যের পড়ুয়ারা এই ঘটনার নিরপেক্ষ ব্যাখ্যা দাবি করছেন।
তবে বিরোধীদের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করেছে আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, “গত সাড়ে চার বছরে পাঞ্জাবে একটি প্রশ্নপত্রও ফাঁস (Punjab question paper leak) হয়নি। ভবিষ্যতেও এমন কোনও ঘটনা ঘটতে দেওয়া হবে না।” তিনি স্বীকার করেন, পরীক্ষাকেন্দ্রে দুটি পৃথক ঘটনায় নকলের চেষ্টা ধরা পড়েছিল। তবে তাঁর দাবি, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে ওই ঘটনাগুলির কোনও সম্পর্ক নেই। প্রশাসন মাত্র দশ মিনিটের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং পরীক্ষায় প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
আপের মুখপাত্র বলতেজ পান্নুও বিরোধীদের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তাঁর বক্তব্য, এক পরীক্ষার্থী ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টা করায় তাকে হাতেনাতে ধরা হয় এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। সেই ঘটনাকেই ইচ্ছাকৃতভাবে প্রশ্নপত্র ফাঁস হিসেবে প্রচার করে বিজেপি ও কংগ্রেস জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর। পাশাপাশি তিনি পালটা দাবি করেন, কেন্দ্রে বিজেপি সরকারের আমলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৯০টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে এসেছে। সেই অতীত থেকে নজর ঘোরাতেই বিরোধীরা পাঞ্জাব ইস্যুকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে দাবি আপ নেতৃত্বের।
