সপ্তাহের প্রথম দিনেই কলকাতায় আচমকা ঝোড়ো বৃষ্টির দাপট, আজ দিনভর ৭ জেলায় আকাশভাঙা দুর্যোগের হাড়হিম করা পূর্বাভাস

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: একটানা ভিজেই চলেছে রাজ্য, আর এরই মাঝে ফের এক নতুন সতর্কবার্তা শোনাল আবহাওয়া দফতর! বঙ্গোপসাগরের বুকে ইতিমধ্যেই দানা বেঁধেছে নতুন নিম্নচাপ অঞ্চল। তার ওপর ৯.৪ কিলোমিটার উঁচুতে অবস্থান করছে শক্তিশালী এক ঘূর্ণাবর্ত। সাথে সক্রিয় রয়েছে বর্ষার অক্ষরেখা। যার জোড়া ফলা প্রভাবে আজ, সোমবার থেকেই ফের বদলে যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া।

তিলোত্তমা তাসের শহর কলকাতার আকাশে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। তিলোত্তমাবাসীর মনে প্রশ্ন—আজ কি ভাসবে শহর? আবহাওয়া অফিস স্পষ্ট জানিয়ে দিয়েছে, কলকাতায় টানা অতিভারী বৃষ্টির সম্ভাবনা কম হলেও দুর্যোগ পুরোপুরি এড়ানো যাচ্ছে না। মেঘলা আকাশের পাশাপাশি দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি নামতে পারে তিলোত্তমায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। অর্থাৎ, কলকাতা ভাসবে না ঠিকই, তবে আচমকা ঝোড়ো বৃষ্টিতে সপ্তাহের প্রথম কাজের দিনেই যাতায়াতে নাকাল হতে পারেন শহরবাসী।

তবে কলকাতার চেয়েও বেশি বিপদ অপেক্ষা করছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার জন্য। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির কারণে জারি রয়েছে বিশেষ অ্যালার্ট। এই সমস্ত জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পাশাপাশি ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে, তবে তা সাময়িক। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে শনিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা বজায় থাকছে