সপ্তাহের শুরুতেই চরম ভোগান্তি! ১২ ঘণ্টার ক্যাব ধর্মঘটে স্তব্ধ কলকাতা, অফিসযাত্রীদের মাথায় হাতসপ্তাহের শুরুতেই চরম ভোগান্তি!

breakingnews অফবিট কলকাতা শহর

নিউজপোল ব্যুরো: সোমবারের সকালে অফিসে বেরিয়েই বিরাট বিপাকে পড়লেন নিত্যযাত্রীরা। শহরজুড়ে মিলছে না অ্যাপ ক্যাব, ট্যাক্সির দেখাও মেলা ভার। দীর্ঘদিন ধরে ক্যাব ভাড়া না বাড়া, পেট্রোলের আকাশছোঁয়া দাম এবং সিএনজি-র জোগান কম থাকার প্রতিবাদে আজ ১২ ঘণ্টার চাকা বন্ধের ডাক দিয়েছেন ক্যাব চালকেরা। সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে টানা সন্ধে ৬টা পর্যন্ত।

চালকদের মূল ক্ষোভ কয়েকটা নির্দিষ্ট বিষয় নিয়ে। প্রথমত, জ্বালানির দাম ও নিত্যপ্রয়োজনীয় খরচ যে হারে বেড়েছে, সেই তুলনায় বহু বছর ধরে অ্যাপ ক্যাব বা সাধারণ ট্যাক্সির নির্দিষ্ট ভাড়া বাড়ানো হয়নি। ফলে দিনভর গাড়ি চালিয়েও সংসার চালাতে কালঘাম ছুটছে ড্রাইভারদের। তার ওপর গত কয়েকদিন ধরে বাজারে তৈরি হয়েছে মারাত্মক সিএনজি সংকট, যার সরাসরি প্রভাব পড়েছে তাঁদের দৈনন্দিন উপার্জনে।

তবে সবচেয়ে বড় অভিযোগ উঠেছে কমার্শিয়াল পারমিটহীন বাইক ট্যাক্সি নিয়ে। ক্যাব চালকদের দাবি, কোনো বাণিজ্যিক লাইসেন্স বা পারমিট ছাড়াই রাস্তায় দেদার চলছে প্রাইভেট বাইক ট্যাক্সি। এতে নিয়ম মেনে চলা ক্যাব ও ট্যাক্সি চালকদের পেটে টান পড়ছে। তাঁদের পরিষ্কার বার্তা— প্রশাসনকে অবিলম্বে এসব অনিয়মের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে এবং ক্যাব চালকদের ন্যায্য দাবি মেনে ভাড়ার তালিকা পুনর্বিন্যাস করতে হবে। সপ্তাহের প্রথম দিনেই এমন ধর্মঘটে চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বাস কিংবা মেট্রোয় বাদুড়ঝোলা ভিড়, অন্যদিকে ক্যাব অ্যাাপ খুললেই দেখাচ্ছে ‘নো রাইড’। সন্ধে ৬টার পর পরিস্থিতি স্বাভাবিক হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে ক্ষুব্ধ যাত্রীরা।