Abhishek Banerjee:’জনপ্রিয়তার চেয়ে মূল্যবোধকে গুরুত্ব দিন’ তরুণদের বার্তা অভিষেকের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:দেশজুড়ে ছাত্র-যুব আন্দোলনের জেরে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত পরিবর্তনকে “গণতান্ত্রিক শক্তির বিজয়” বলে উল্লেখ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে জাতীয় সংকটের সময়ে চলচ্চিত্র তারকা, ক্রীড়াবিদ এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নীরবতা নিয়েও কড়া সমালোচনা করেন তিনি।

আরও পড়ুন:Arjun Singh:”দেশভাগের চক্রান্ত রুখতে জানি” ধর্মতলা কাণ্ডে বাম ছাত্র সংগঠনকে নিশানা অর্জুন সিংয়ের!

রবিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক দীর্ঘ বার্তায় অভিষেক আন্দোলনকারী ছাত্র-যুব সমাজকে অভিনন্দন জানিয়ে বলেন, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম আবারও প্রমাণ করেছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রকৃত শক্তির উৎস জনগণ। তাঁর দাবি, ছাত্র-যুবদের ধারাবাহিক আন্দোলনের মুখেই কেন্দ্রীয় সরকার নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছে।

তবে এই আন্দোলনের আবহে সমাজের তথাকথিত ‘আইকন’দের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, দেশের বহু জনপ্রিয় অভিনেতা, ক্রীড়াবিদ এবং প্রথম সারির ডিজিটাল কনটেন্ট নির্মাতারা ছাত্রদের আন্দোলনের সময় রহস্যজনকভাবে নীরব থেকেছেন। ভয়, অতিরিক্ত সতর্কতা কিংবা ব্যক্তিস্বার্থ— যে কারণেই হোক, তাঁদের এই নীরবতা সমাজের কাছে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলে মন্তব্য করেন তিনি।

বিশেষ করে মিলেনিয়াল এবং ‘জেন জি’ প্রজন্মের উদ্দেশে অভিষেকের আবেদন, জনপ্রিয়তার মোহে নয়, বরং মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিক অবস্থানের ভিত্তিতে নিজেদের অনুসরণযোগ্য ব্যক্তিত্ব নির্বাচন করা উচিত। তাঁর কথায়, কোনও শিল্পী, ক্রীড়াবিদ বা ইনফ্লুয়েন্সারকে সমর্থন করার আগে তরুণদের ভেবে দেখা প্রয়োজন, তিনি আদৌ সমাজের প্রতি দায়িত্বশীল কি না।

অভিষেক আরও বলেন, সাধারণ মানুষের টিকিট কেনা, সাবস্ক্রিপশন, ভিউ, লাইক, শেয়ার এবং ফলোয়ারের উপরই এই ব্যক্তিত্বদের জনপ্রিয়তা ও প্রভাব গড়ে ওঠে। তাই সংকটের সময়ে যদি তাঁরা মানুষের পাশে না দাঁড়ান, তবে সমাজেরও উচিত কাদের সমর্থন ও জনপ্রিয়তা দেওয়া হবে, তা নতুন করে বিবেচনা করা।

তিনি বলেন, ডিজিটাল যুগে প্রতিটি লাইক, শেয়ার, ভিউ কিংবা সাবস্ক্রিপশন শুধুমাত্র বিনোদনের অংশ নয়, বরং তা এক ধরনের সামাজিক ও নৈতিক সমর্থনের প্রতীক। তাই অর্থ ব্যয়ের মতোই নিজের মনোযোগ ও সমর্থন কোথায় দেওয়া হচ্ছে, সে বিষয়েও সচেতন থাকা প্রয়োজন।

বার্তার শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লেখেন, “ইতিহাস যখন সাহসের পরীক্ষা নেয়, তখন নীরবতা কখনও নিরপেক্ষতা নয়; বরং তা এক পক্ষের প্রতি নীরব সমর্থনেরই বহিঃপ্রকাশ।” তাঁর প্রশ্ন, প্রয়োজনের সময়ে যাঁরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেন না, তাঁদের জনপ্রিয়তা ধরে রাখতে জনগণ কেন নিজেদের সমর্থন অব্যাহত রাখবে?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

এই বার্তার মাধ্যমে তরুণ প্রজন্মকে সামাজিক দায়বদ্ধতা, সচেতন নাগরিকত্ব এবং দায়িত্বশীল ব্যক্তিত্ব বেছে নেওয়ার আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।