Arjun Singh:”দেশভাগের চক্রান্ত রুখতে জানি” ধর্মতলা কাণ্ডে বাম ছাত্র সংগঠনকে নিশানা অর্জুন সিংয়ের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:নিট-সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থনে কলকাতায় আয়োজিত মিছিলের পর ধর্মতলায় সাংবাদিক ও পুলিশ নিগ্রহের ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ অব্যাহত। এই আবহে বামপন্থী ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং (Arjun Singh)।

আরও পড়ুন:Shamik Bhattacharya:’আজ়াদি’ স্লোগান ইস্যুতে কড়া বার্তা শমীকের, কুণালের পাল্টা— ‘এটা নৈরাজ্য’!

শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত আয়োজিত মিছিলের পর বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ, মিছিলে বহিরাগতদের একাংশ সাংবাদিক ও পুলিশকর্মীদের উপর হামলা চালায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এসএফআই, ডিএসও-সহ বাম ছাত্র সংগঠনগুলি ঘটনার সঙ্গে নিজেদের কোনও যোগ নেই বলে দাবি করেছে।

রবিবার পানিহাটির বিজয়পুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজোর অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং (Arjun Singh) ধর্মতলার ঘটনার জন্য সিপিএম ও বাম ছাত্র সংগঠনগুলিকে দায়ী করেন। তাঁর দাবি, অতীতের রাজনৈতিক হিংসার ইতিহাস মানুষ ভুলে যায়নি এবং সেই ইতিহাসের পুনরাবৃত্তির চেষ্টা হলে সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে।

মন্ত্রী আরও অভিযোগ করেন, কিছু অতিবামপন্থী গোষ্ঠী দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাওবাদী দমনে কড়া অবস্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার যে কোনও চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। তাঁর বক্তব্য, “ওরা যে ভাষা বোঝে, সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। দেশভাগের চক্রান্ত রুখতে আমরা জানি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহের প্রসঙ্গেও কড়া বার্তা দেন অর্জুন সিং। তিনি জানান, ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্তে আরও যাঁদের নাম উঠে আসবে, তাঁদের বিরুদ্ধেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে দেশের ঐক্য, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার বিরুদ্ধে যে কোনও ধরনের ষড়যন্ত্রের মোকাবিলায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী।