নিউজ পোল ব্যুরো:কার্গিল বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশবিরোধী স্লোগান ও ধর্মতলার সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ তুলে কড়া অবস্থান নিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। রবিবার কলকাতার বিটি রোডে কার্গিল শহিদ কণাদ ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে নতুন করে চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী মানসিকতা মাথাচাড়া দিচ্ছে। তাঁর বক্তব্য, ভারতবিরোধী বা বিচ্ছিন্নতাবাদী স্লোগানের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন:Sreelekha Mitra:প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টার বিতর্ক, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ!
শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) অভিযোগ, গত শুক্রবার নিট-সংক্রান্ত আন্দোলনের জেরে ধর্মতলার ডোরিনা ক্রসিং এলাকায় যে অশান্তি হয়েছিল, সেখানে কিছু রাজনৈতিক শক্তি ‘আজ়াদি’ স্লোগানকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করেছে। তাঁর দাবি, ওই ঘটনায় পুলিশ, সাংবাদিক এবং সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, ৩৭০ ধারা রদের বিরোধিতা এবং বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে উসকে দেওয়ার চেষ্টা পশ্চিমবঙ্গে নতুন করে দেখা যাচ্ছে।
মুর্শিদাবদের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে বিজেপি রাজ্য সভাপতি বলেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনও ধরনের কার্যকলাপ বরদাস্ত করা উচিত নয়। তাঁর মতে, যারা দেশবিরোধী বা বিচ্ছিন্নতাবাদী স্লোগান তোলে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তবে শমীকের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এ ধরনের মন্তব্য শোভা পায় না। কুণালের বক্তব্য, কেউ দেশবিরোধী বা সংবিধানবিরোধী মন্তব্য করলে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু কাউকে মারধরের আহ্বান বা আইন নিজের হাতে তুলে নেওয়ার বার্তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
কুণাল ঘোষ বলেন, “ভারতের মাটিতে থেকে ভারতের বিরোধিতা গ্রহণযোগ্য নয়। কিন্তু তার বিচার আদালত করবে, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। গণতান্ত্রিক দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনও সুযোগ নেই। এ ধরনের মন্তব্য নৈরাজ্যকে উৎসাহিত করে।”
উল্লেখ্য, শুক্রবার ছাত্র-যুবদের বিক্ষোভকে কেন্দ্র করে ধর্মতলার ডোরিনা ক্রসিং এলাকায় ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, ঘটনায় একাধিক পুলিশকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ আহত হন। ঘটনার পর রাজ্য পুলিশ নতুন গুন্ডাদমন আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
এই আবহেই কার্গিল বিজয় দিবসের মঞ্চ থেকে শমীক ভট্টাচার্যের মন্তব্য এবং তার জবাবে কুণাল ঘোষের প্রতিক্রিয়া রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
