Sabyasachi Dutta:প্রাক্তন কাউন্সিলর কার্যালয়ে পুলিশি তল্লাশি, বেরোতেই ডিম ছোড়া হল সব্যসাচী দত্তকে!

রাজনীতি রাজ্য

তোলাবাজি ও হুমকির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী (Sabyasachi Dutta) দত্তকে রবিবার তদন্তের স্বার্থে তাঁর পুরনো কাউন্সিলর কার্যালয়ে নিয়ে গিয়ে তল্লাশি চালাল বিধাননগর উত্তর থানার পুলিশ। তবে তদন্তপর্ব শেষ হওয়ার পরই নতুন করে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। অভিযোগ, কার্যালয় থেকে বেরোনোর সময় সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম ছোড়েন কয়েক জন বিক্ষোভকারী।

আরও পড়ুন:Sayani Ghosh:’মিডিয়াকে নয়, জবাব দেব এলাকার মানুষকে’— বিদ্রোহী শিবিরে যোগ দিয়েই বার্তা সায়নীর!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে তদন্তকারী আধিকারিকরা সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে তাঁর প্রাক্তন কার্যালয়ে পৌঁছন। একসময় ওই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। তাঁর উপস্থিতিতেই কার্যালয়ের বিভিন্ন নথি ও প্রয়োজনীয় সামগ্রী খতিয়ে দেখেন তদন্তকারীরা।

তল্লাশি চলাকালীন কার্যালয়ের বাইরে স্থানীয় বাসিন্দা ও উৎসুক মানুষের ভিড় জমতে শুরু করে। তদন্ত শেষ করে সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) দফতর থেকে বেরিয়ে আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক জন বিক্ষোভকারী তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ দ্রুত তাঁকে নিরাপত্তার বলয়ে নিয়ে সরকারি গাড়িতে তুলে এলাকা ছাড়ে।

উল্লেখযোগ্যভাবে, এটি প্রথমবার নয়। গত মঙ্গলবার আদালতে পেশ করার সময়ও সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছিল। ফলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ঘিরে জনরোষ ক্রমশ প্রকাশ্যে আসছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

প্রসঙ্গত, সল্টলেকের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সব্যসাচী দত্তের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগকারীর দাবি, তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল এবং হুমকিও দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতেই গত সোমবার গভীর রাতে রাজারহাটের রাইগাছিতে সব্যসাচী দত্তের বাসভবনে অভিযান চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ। পরে তাঁকে আটক করে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। চলতি বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন সব্যসাচী দত্ত। তার মধ্যেই তাঁর বিরুদ্ধে ওঠা তোলাবাজি ও হুমকির অভিযোগ নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তদন্তের অগ্রগতি এবং পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহল— উভয়েরই।