নিউজ পোল ব্যুরো:রাজ্যের নগর-পরিচ্ছন্নতা ও জনপরিসর রক্ষায় আরও কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। নির্মাণকাজের সময় সরকারি রাস্তা দখল করে নির্মাণসামগ্রী ফেলে রাখা, ফাঁকা জমি অযত্নে রেখে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা এবং বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপের ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal)। তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন বিধি কার্যকর হবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:Jeera Chicken: একঘেয়ে চিকেন নয়, শিল্পা শেট্টীর এই রেসিপি বানিয়ে বাড়ির সকলের মন জয় করে নিন
রবিবার শিলিগুড়ি পুরনিগমের একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, নির্মাণাধীন বাড়ির মালিকেরা আর রাস্তার উপর পাথর, বালি, ইট-সহ নির্মাণসামগ্রী ফেলে রাখতে পারবেন না। তাঁর বক্তব্য, “বাড়ি নির্মাণের নামে সরকারি রাস্তা দখল করা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। রাস্তা ব্যক্তিগত সম্পত্তি নয়। নির্মাণসামগ্রী নিজস্ব চৌহদ্দির মধ্যেই সংরক্ষণ করতে হবে। নিয়ম ভাঙলে জরিমানা করা হবে।”
এদিন ফাঁকা জমির পরিচ্ছন্নতা নিয়েও কড়া বার্তা দেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal)। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জমি ফেলে রেখে সেখানে ঝোপঝাড়, নালা-নর্দমা বা জল জমতে দেওয়া চলবে না। সংশ্লিষ্ট জমির মালিককেই তা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে। তাঁর মতে, অবহেলিত জমি থেকে মশাবাহিত রোগ, বিশেষত ডেঙ্গির সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পায়, যা জনস্বাস্থ্যের পক্ষে গুরুতর হুমকি। তাই ব্যক্তিগত সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব এড়ানোর সুযোগ আর থাকবে না।
এর পাশাপাশি বেআইনি পার্কিং রোধেও সরকারের কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন মন্ত্রী। তিনি জানান, নির্ধারিত পার্কিং জোনের বাইরে গাড়ি বা মোটরবাইক রাখা হলে মোটা অঙ্কের জরিমানা ধার্য করা হবে। পার্কিং ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর করতে রাজ্য সরকার শীঘ্রই একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে বলেও তিনি জানান।
ফুটপাথ দখলমুক্ত রাখার প্রশ্নেও প্রশাসনের অবস্থান স্পষ্ট করে অগ্নিমিত্রা পাল বলেন, পথচারীদের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে ফুটপাথের উপর অবৈধ দখল কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তিনি হকারদের উদ্দেশে আবেদন জানিয়ে বলেন, তাঁরা যেন নির্ধারিত সীমার মধ্যে ব্যবসা পরিচালনা করেন এবং পথচারীদের জন্য পর্যাপ্ত চলাচলের জায়গা অবশিষ্ট রাখেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার কথা উল্লেখ করে মন্ত্রী স্পষ্ট করেন, আসন্ন দুর্গাপূজা পর্যন্ত রাজ্যের কোথাও হকার উচ্ছেদ অভিযান চালানো হবে না। উৎসবের মরসুম শেষ হওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি ইঙ্গিত দেন।
