নিউজ পোল ব্যুরো: বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে আমিষ পদ না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না। আর রবিবারের দুপুরে যদি পাতে পরে মুরগির মাংসের এক অভিনব পদ তাহলে কেমন হয়! এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন শিল্পা শেট্টীর বানানো জিরে মুরগি (Jeera Chicken)।
নায়িকা স্বাস্থ্য সম্পর্কে যেমন সচেতন, তেমনই খাদ্যরসিক। তাই তার মত ব্যক্তিদের খাবারের আনন্দ থেকে যাতে বঞ্চিত হতে না হয় তাই তিনি শেখালেন এই অভিনব রান্না। জিরে আমাদের হজমের সমস্যা নির্মূল করতে সাহায্য করে। আর হজম ভাল হলে আমাদের বডি ওয়েট থাকে নিয়ন্ত্রণে। এছাড়াও এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই নায়িকার তৈরি জিরে মুরগি সুস্বাদু এবং স্বাস্থ্যকর।
উপকরণ:
৫০০ গ্রাম চিকেন
১টি বড় পেঁয়াজ (কুচোনো)
৫ টেবিলচামচ ঘি
১ টেবিলচামচ গোটা জিরে
১ টেবিলচামচ আদাবাটা
১ চা-চামচ গোলমরিচ
অর্ধেক লেবুর রস
১ টেবিলচামচ হলুদগুঁড়ো
১ চা-চামচ শুকনোলঙ্কাগুঁড়ো
দেড় টেবিলচামচ গরমমশলাগুঁড়ো
দেড় টেবিলচামচ ধনেগুঁড়ো
১ চা-চামচ লবণ
ধনেপাতা
৫টি কাঁচালঙ্কা
প্রণালী:
প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে শুকনো খোলায় জিরে রোস্ট করে নিতে হবে। এবার একটি প্যানে ঘি গরম করে তাতে কুচানো পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজ সোনালী রঙ ধরলে তার মধ্যে রোস্টেড জিরে মেশাতে হবে। এরপর আদাবাটা, হলুদগুঁড়ো, গরমমশলার গুঁড়ো, ধনেগুঁড়ো এবং কাঁচালঙ্কা দিন। ভালভাবে কষিয়ে মশলা তৈরি করে নিন।
তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে চিকেন ঢেলে অল্প আঁচে রান্না করতে হবে যতক্ষণ না মাংস সেদ্ধ হচ্ছে এবং মশলার সাথে ভালভাবে মিশে যাচ্ছে। এরপর এর মধ্যে নুন, গোলমরিচ, শুকনোলঙ্কা গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে দেখে নিন চিকেন সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হলে ওর মধ্যে অর্ধেক লেবুর রস এবং ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়ে গরম গরম জিরে মুরগি (Jeera Chicken) পরিবেশন করুন ভাত বা রুটির সাথে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
