নিউজ পোল ব্যুরো: দেখতে দেখতে তীব্র দাবদাহ কাটিয়ে আমরা বর্ষার আভাস পেয়েছি কিছুটা হলেও। বর্ষাকালে প্রকৃতি যেন নতুন করে নিজের রূপ মেলে ধরে। চারিদিকে রিমঝিম বৃষ্টির শব্দে ধীরে ধীরে মুছে যায় শহরের বুকে জমে থাকা সমস্ত মন খারাপ। গাছের পাতা যেন বৃষ্টির জল পেয়ে হয়ে ওঠে আরও সবুজ। আর এই বর্ষায় ভোজনরসিক বাঙালিদের রসনাবিলাস পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ইলিশ। দুপুরের খাবার পাতে যদি সর্ষে ইলিশ পড়ে তাহলে আর কোনো কথাই নেই।
আরও পড়ুন: Shukto Recipe: এক রকমের শুক্তো খেতে খেতে ক্লান্ত? তাহলে এবার আনুন নতুন টুইস্ট
তবে সর্ষে ইলিশ রান্না করা মোটেই সহজ নয়। পরিমাণের একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু মাছ তেতো হয়ে গিয়ে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই এই রান্না করার সময় অবশ্যই কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন।
সর্ষে বাটার আধ ঘণ্টা আগে সর্ষে ভিজিয়ে রাখলে এই সমস্যা অনেকটাই দূর হয়। এছাড়াও সর্ষে বাটার সময় ঠান্ডা জল ব্যবহার করুন। কারণ সর্ষে বাটার সময় তার মধ্যে তাপ তৈরি হয় আর এতে সর্ষে অনেকসময় তেতো হয়ে যায়। তাই সবসময় সর্ষে ভিজিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে বাটতে হবে। এতে তাপমাত্রা বজায় থাকবে।
সর্ষের বাটার সময় তার সাথে সমপরিমাণে পোস্ত নেওয়া যেতে পারে। এতে তেতো হওয়ার সম্ভাবনা কম হয় এবং রান্নার স্বাদ বাড়ে। শুধু তাই নয় মশলা বাটা হয়ে গেলে তা ছেঁকে নেওয়া ভাল। এতে সর্ষের খোসা বাদ যায় এবং রান্না আরও সুস্বাদু হয়।
সর্ষে বাটার সময় তার মধ্যে লঙ্কা, হলুদ, নুন দিয়ে একসাথে ব্লেন্ড করুন। এতে সর্ষের মধ্যে অন্য মশলার উপকরণগুলো ভালভাবে মিশে যাবে এবং আপনার রান্না সুস্বাদু হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
