নিউজ পোল ব্যুরো: সোমবার সকাল থেকেই রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে ফলতা কেন্দ্র বাদে। শুরু থেকেই ফলাফলের ট্রেন্ডে দোলাচল দেখা যাচ্ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে প্রায় ৮৭টি আসনে, অন্যদিকে বিজেপি এগিয়ে ১০০টি আসনে (Election Results 2026)। বামফ্রন্ট এবং কংগ্রেস আপাতত একটি করে আসনে এগিয়ে আছে। তবে এই সংখ্যা প্রতি মুহূর্তেই বদলে যাচ্ছে, ফলে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হাইভোল্টেজ পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, তিনি সোমবার সকাল থেকেই দিল্লির কন্ট্রোল রুমে অবস্থান করছেন এবং রাজ্যের ভোট গণনার আপডেট নিয়মিত পর্যবেক্ষণ করছেন। কলকাতার সল্টলেকের বিজেপি পার্টি অফিসে থাকা কন্ট্রোল রুম থেকে তাকে মিনিটে মিনিটে রিপোর্ট পাঠানো হচ্ছে বলে জানা গেছে (Election Results 2026)।
এবারের নির্বাচন বিজেপির কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ লড়াই হিসেবে বিবেচিত হয়েছে। নির্বাচনের আগে প্রায় দু’সপ্তাহ ধরে রাজ্যে অবস্থান করে একাধিক জনসভা ও রোড শো করেছেন অমিত শাহ (Amit Shah)। পাশাপাশি, দলীয় কর্মী ও নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করেছেন তিনি। সেই কারণে ফলাফলের দিকে এখন বিশেষ নজর বিজেপি শিবিরের। এদিকে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ ইতিমধ্যেই কলকাতায় উপস্থিত রয়েছেন (Election Results 2026)। সল্টলেকের কন্ট্রোল রুম থেকেই রাজ্যের প্রতিটি কেন্দ্রের গণনার গতিপ্রকৃতি খতিয়ে দেখা হচ্ছে। কোন কেন্দ্রে কতটা এগিয়ে বা পিছিয়ে রয়েছে দল, তার বিশদ তথ্য নিয়মিতভাবে দিল্লিতে পাঠানো হচ্ছে বলে সূত্রের দাবি (Election Results 2026)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
ভোট গণনার আগে প্রস্তুতি নিয়েও যথেষ্ট গুরুত্ব দিয়েছে বিজেপি। মালদহ, শিলিগুড়ি ও কলকাতায় দফায় দফায় বৈঠক করেছেন দলের পর্যবেক্ষক সুনীল বনশল ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জেলা সভাপতি থেকে প্রার্থী, এমনকি বুথ স্তরের কর্মীদেরও নির্দিষ্ট দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। কাউন্টিং এজেন্টদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছিল। এখন সব নজর চূড়ান্ত ফলাফলের দিকে বাংলায় কি ফের শাসন বজায় রাখবে তৃণমূল, নাকি পরিবর্তনের হাওয়া বইবে, সেই উত্তর মিলবে খুব শিগগিরই (Election Results 2026)।
