নিউজ পোল ব্যুরো: বাংলার রাজনৈতিক ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির একটি আজ, যা অনেকেই ‘বড়দিন’ বলেই উল্লেখ করছেন। আজই স্পষ্ট হয়ে যাবে আগামী পাঁচ বছরে রাজ্যের শাসনভার কার হাতে যাবে। ভোটগণনার (Election Results 2026) উত্তেজনায় ইতিমধ্যেই টানটান পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। তবে শুধু রাজনৈতিক আবহই নয়, সমানভাবে নজর রয়েছে আবহাওয়ার দিকেও (Weather Update)। আলিপুর কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহজুড়ে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। বিশেষ করে সোমবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না (Weather Update)। মঙ্গলবার পর্যন্ত বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, বুধবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার তুলনামূলকভাবে শুষ্ক আবহাওয়া থাকার ইঙ্গিত মিলেছে (Weather Update)।
আরও পড়ুন: Dilip Ghosh : গণনার আগে বাড়ছে উত্তেজনা! ‘ডোনাল্ড ট্রাম্প’ ইঙ্গিতে শাসকদলকে খোঁচা দিলীপ ঘোষের
আবহাওয়াবিদদের মতে, বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে (Weather Update)। পাশাপাশি পাঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের উপর দিয়ে গিয়েছে। এই পরিস্থিতির জেরে বঙ্গের আকাশে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, যা ঝড়বৃষ্টির সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে। হুগলি, পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গেও একই চিত্র। মালদহে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে, আর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে শুরু করে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় ৫ মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, তবে দিনের গড়ানোর সঙ্গে সঙ্গে মেঘের ঘনত্ব বাড়বে। দুপুরের পর থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ ডিগ্রির আশেপাশে। বাতাসে আর্দ্রতার মাত্রা থাকছে ৬৪ থেকে ৯৮ শতাংশের মধ্যে (Weather Update)।
