Dilip Ghosh:‘মাফিয়া-গুন্ডাদের বাড়াবাড়ি নয়, দরকারে এনকাউন্টার’, খড়্গপুরে কড়া হুঁশিয়ারি দিলীপের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:খড়গপুরে মাফিয়া, গুন্ডা ও মাদকাসক্তদের দৌরাত্ম্য বন্ধে আরও কঠোর পদক্ষেপের বার্তা দিলেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার খড়্গপুরে বিজেপির একটি দলীয় কার্যালয় উদ্বোধন করে তিনি দাবি করেন, শহরে দীর্ঘদিনের ‘গুন্ডারাজ’ ক্রমশ নিয়ন্ত্রণে আসছে। পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একইসঙ্গে প্রয়োজনে বারুইপুরের ধাঁচে ‘এনকাউন্টার’-এর মতো কঠোর পদক্ষেপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দেন দিলীপ।

আরও পড়ুন:Netarhat Jharkhand:শহরের কোলাহল থেকে দূরে, মেঘ-পাহাড়ে ঘেরা অচেনা নেতারহাট!

দিলীপের অভিযোগ, খড়গপুরে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়ে আসছিল মাফিয়া ও দুষ্কৃতীরা। ব্যবসায়ীরাও আতঙ্কে ছিলেন। তাঁর দাবি, এই পরিস্থিতির সঙ্গে তৃণমূলের একাংশের নেতাদের যোগ রয়েছে। পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই বলা হয়েছে বলেও জানান তিনি।

দিলীপের কথায়, খড়গপুরে মাফিয়া ও গুন্ডাগিরির দিন শেষ। পুলিশ তাঁকে জানিয়েছে, পুজোর আগেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে। দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে ‘হাত খোলা’ রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, গুন্ডা-মাফিয়াদের দৌরাত্ম্যের তুলনায় পুলিশের কঠোরতা কোনওভাবেই আপত্তিকর নয়।

মাদকাসক্তদের নিয়েও পরিসংখ্যান তুলে ধরেন দিলীপ। তাঁর দাবি, নেশার টাকা জোগাড় করতে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়া প্রায় ২০০ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে কেউ কেউ জামিনে মুক্তি পেলেও যারা নিজেদের সংশোধন করতে পারবে না, তাদের বিরুদ্ধে আইনি পথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ প্রসঙ্গেই আরও কড়া সুরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, প্রয়োজনে ‘এনকাউন্টার’-এর মতো পদক্ষেপও হতে পারে। বারুইপুরে পুলিশের অভিযানের প্রসঙ্গ টেনে তিনি জানান, খড়গপুরে দুষ্কৃতীদের বিরুদ্ধে একই ধরনের কঠোর অবস্থান নেওয়া হতে পারে। তবে তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

খড়গপুরের মানুষ শান্তি ও নিরাপত্তার প্রত্যাশাতেই বিজেপির পাশে দাঁড়িয়েছেন বলে দাবি দিলীপের। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অতীতে পুলিশের একাংশ জেনেও দুষ্কৃতীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করে দিলীপের বার্তা, এবার আর কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।