BLO অ্যাপে ১১ বারের পর নতুন অপশন! ফর্ম পূরণের শেষ দিনে কমিশনের সিদ্ধান্তে জল্পনা

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যে এনুমারেশন প্রক্রিয়ার শেষ ধাপ শুরু হয়েছিল বেশ কয়েকদিন আগে, আর সেই সময়সীমার চূড়ান্ত দিনে বৃহস্পতিবার বিএলও (BLO) অ্যাপে যোগ হল আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা। ফর্ম জমা ও আপলোডের শেষ মুহূর্তে অ্যাপে সংযোজিত এই নতুন বিকল্পটির নাম ‘Reverify Logical Discrepancies’। দায়িত্বপ্রাপ্ত সূত্রের মতে, যেসব ভোটারদের জমা দেওয়া নথিতে তথ্যগত অসঙ্গতি বা যুক্তিগত ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে, তাদের কাগজপত্র দ্বিতীয়বার যাচাই করার উদ্দেশ্যেই এই অপশন চালু করা হয়েছে। এর ফলে অ্যাপে (BLO) মোট ১১ বার নতুন ফিচার যোগ করা হল, যা এই প্রকল্প চলাকালীন সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে একটি।

আরও পড়ুন: Arjun Singh: ‘শাহজাহান একা নয়, এর পেছনে অন্য বড় মাথা আছে’, চাঞ্চল্যকর দাবি অর্জুনের

গত বছরের নভেম্বর মাসে রাজ্যে SIR (Special Summary Revision) শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ব্লক, গ্রাম ও শহরাঞ্চলে ফর্ম পূরণ থেকে শুরু করে নথি আপলোড পর্যন্ত নানা সমস্যা দেখা দেয়। বহু ক্ষেত্রে ভুল তথ্য প্রবেশ করা হয়েছে, কোথাও আবার অসম্পূর্ণ বা প্রমাণবিহীন নথি ব্যবহার করা হয়েছে। সেই ত্রুটিগুলি সংশোধন করতে কমিশন ধাপে ধাপে বিএলও (BLO) অ্যাপে নতুন অপশন যোগ করতে বাধ্য হয়। বৃহস্পতিবার যুক্ত হওয়া অপশনটি মূলত তাদের জন্য, যাদের দেওয়া তথ্য কমিশনের প্রাপ্ত তথ্যভাণ্ডারের সঙ্গে মিলছে না।

কমিশন সূত্রে খবর, পুরোনো ভোটার তালিকার সঙ্গে বর্তমান আবেদনকারীদের নথি মিলিয়ে দেখার সময় বেশ কিছু ক্ষেত্রে অস্বাভাবিক বিভ্রান্তি ধরা পড়েছে। অনেকেই পরিচয় প্রমাণ হিসেবে ঠাকুরদা বা ঠাকুরমার নথি ব্যবহার করে ফর্ম জমা দিয়েছেন। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকা খতিয়ে দেখলে দেখা যাচ্ছে, তাদের বাবার নাম সেই তালিকায় নেই, বা সম্পর্কজনিত তথ্য স্পষ্ট নয়। কেউ কেউ আবার মায়ের নথি জমা দিয়েছেন, যেখানে বাবার নামের উল্লেখ নেই। এসব কারণে ভোটারের সঠিক পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে উঠছে।

এই সমস্যাগুলির সমাধানের জন্য কমিশন বিভিন্ন ধরনের অতিরিক্ত নথি সংগ্রহ করছে বাড়ির দলিল, দোকান বা জমির কাগজ, পুরোনো সরকারি রেকর্ড ইত্যাদি। লক্ষ্য একটাই ভোটার তালিকা যাতে সম্পূর্ণ নির্ভুল থাকে, কোনও ভুয়ো বা অস্থিত ভোটার যাতে তালিকায় না ঢোকে, এবং কোনও বৈধ নাগরিকের নাম যাতে ভুলবশত বাদ না পড়ে। এদিন কমিশন বিভিন্ন সংস্থার সঙ্গে পরপর বৈঠক করে এই নতুন অপশন চালুর প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ কার্যপ্রণালী নিয়ে আলোচনা করেছে। নতুন ফিচারটিতে আশা করা হচ্ছে, যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং এনুমারেশন সংক্রান্ত অসঙ্গতি অনেকটাই কমে আসবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole