Hritick Roshan: ‘ধুরন্ধর’-এর রাজনীতি নিয়ে হৃতিক রোশন এর তির্যক মন্তব্যে নতুন বিতর্কের ঝড়

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: আদিত্য ধরের ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। দেশ–বিদেশের দর্শক ছবির গল্প, অ্যাকশন ও নির্মাণশৈলী নিয়ে প্রশংসায় মেতেছেন। তবে একই সঙ্গে ছবিকে ঘিরে চলছে রাজনৈতিক বিতর্কও। সেই বিতর্ককে আরও উষ্ণ করেছে অভিনেতা হৃতিক রোশন (Hritick Roshan)-এর সাম্প্রতিক মন্তব্য, যা তিনি নিজের সমাজমাধ্যম পোস্টে স্পষ্টভাবে তুলে ধরেছেন।

আরও পড়ুন:Amitabh Bachchan: জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী! পুরনো দিনের গল্পে ফিরলেন তিনি

হৃতিক রোশন (Hritick Roshan) লিখেছেন, ‘‘আমি ছবিটিকে ভালবাসি। ভালবাসি সেই সব নির্মাতা ও লেখকদের, যারা গল্পকে স্বাধীনভাবে বলতে দেন। ‘ধুরন্ধর’ সেই ধরনেরই একটি ছবি—যেখানে গল্প বলার ধরণ সত্যিই অসাধারণ।’’ তবে অভিনেতা এখানেই থেমে থাকেননি। তিনি স্পষ্ট করে জানান, ছবিতে যে ধরনের রাজনীতি তুলে ধরা হয়েছে, তার সঙ্গে তিনি কোনওভাবেই একমত নন। তাঁর বক্তব্য, ‘‘একজন চিত্রনির্মাতা হিসাবে আমাদের বিশ্ব নাগরিকদের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে এই ছবির রাজনৈতিক বার্তাকে আমি প্রশ্ন করি।’’ এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই দাবি করছেন, হৃতিক রোশন (Hritick Roshan) নাকি দেশের জাতীয়তাবোধের বিরোধিতা করছেন। কারণ ‘ধুরন্ধর’-এ ভারত–পাকিস্তান সম্পর্কের উত্তেজনা ও পাকিস্তানের লিয়ারি অঞ্চলের গ্যাংস্টারদের টানাপোড়েনকে কেন্দ্র করে যে রাজনৈতিক মাত্রা দেখানো হয়েছে, তা দর্শকদের একাংশ জাতীয়তাবাদী দৃষ্টিতে ব্যাখ্যা করছেন।

এক জন নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘হৃতিকের মতাকে কেউ সাহসিকতা বলতে পারেন। কিন্তু বাস্তবে তিনি দেশের অধিকাংশ মানুষের চোখে নিজেকে ছোট করে ফেললেন।’’ অন্যদিকে, অনেকেই মনে করছেন, হৃতিক রোশন (Hritick Roshan) একজন শিল্পীর মতোই নিজের অবস্থান স্পষ্ট করেছেন এবং এতে ভুল কিছু নেই। ছবির রাজনৈতিক ব্যাখ্যার সঙ্গে দ্বিমত থাকা মানেই দেশের প্রতি অশ্রদ্ধা নয়—এমন মন্তব্যও উঠে এসেছে। তবে বিতর্ক যতই হোক, হৃতিক রোশন (Hritick Roshan) নিজে আবারও জানিয়েছেন যে তিনি ছবির শিল্পগুণ, নির্মাণশৈলী এবং গল্প বলার দক্ষতার প্রতি নিঃসন্দেহে মুগ্ধ। ফলে সমালোচনা ও প্রশংসার টানাপোড়েনে ‘ধুরন্ধর’ এখন দুই দিক থেকেই আলোচনার কেন্দ্রে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole