নিউজ পোল ব্যুরো: শেখ শাহজাহানের (Sheikh Shajahan) ঘনিষ্ঠ সহযোগী ভোলা ঘোষকে ঘিরে হওয়া রহস্যজনক সড়ক দুর্ঘটনা এখন রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। গুরুতর বিপদের মধ্যেও কোনওভাবে প্রাণে বেঁচে যাওয়ার পর ভোলানাথ ঘোষ প্রথমেই দাবি করেন, এ ঘটনা নিছক দুর্ঘটনা নয়, সুচিন্তিত পরিকল্পনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কার এমন পরিকল্পনা? তাকে আসলেই খুন করার ষড়যন্ত্র করা হয়েছিল কি? জেলের ভেতর বসেই কি শাহজাহান গোটা ঘটনাটি পরিচালনা করেছিলেন? এসব সন্দেহের মাঝেই মুখ খুললেন বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)।
বুধবার ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে দিনভর তোলপাড় চলার পর বৃহস্পতিবার অর্জুন সিং (Arjun Singh) স্পষ্ট করে জানান, ঘটনার পেছনে শাহজাহানের নাম টানা ভুল। তার বক্তব্য, এটা শাহজাহানের পরিকল্পনা নয়; এর নেপথ্যে রয়েছে কোনও উচ্চপদস্থ কর্তাব্যক্তি। অর্জুনের (Arjun Singh) দাবি, “এটা কোনও বড় IPS অফিসারের সাজানো চক্রান্ত। সময় এলে সব তথ্য প্রকাশ করা হবে।” তিনি আরও বলেন, ভোলানাথকে খুন করার একটি সুপরিকল্পিত চেষ্টা করা হয়েছিল। ভাগ্য ও সতর্কতায় ভোলা বেঁচে গেছেন সিটবেল্ট বেঁধেছিলেন বলেই তাঁর প্রাণ রক্ষা হয়েছে। না হলে পরিকল্পনাটি সফল হত বলেও দাবি করেন তিনি।
‘বড় মাথা’ বলতে কাকে বোঝাতে চাইছেন জিজ্ঞেস করা হলে অর্জুন সিং ইঙ্গিত করে বলেন, “যে অফিসার একসময় শাহজাহানকে আত্মসমর্পণ করাতে বাধ্য করেছিলেন, ঘটনাটির সঙ্গে তাঁরই সম্পৃক্ততা আছে।” তাঁর বক্তব্য, শাহজাহানের সাধ্যে এমন নিখুঁত পরিকল্পনা করা সম্ভব নয়। মোবাইল টাওয়ার ট্র্যাকিং থেকে শুরু করে গোটা অপারেশন সবকিছুই নাকি পুলিশি যোগসাজশে হয়েছে। তাই তিনি মনে করেন, এই মামলার তদন্তভার সিবিআই বা ইডির হাতে দেওয়া উচিত।
এদিকে দুর্ঘটনার পর থেকেই লরি চালক আলিম মোল্লার নাম সামনে আসছে। ভোলা ঘোষ নিজে সংবাদমাধ্যমে দাঁড়িয়ে একের পর এক অভিযোগ তুলেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় ঘটনার পরও ন্যাজাট থানায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ভোলার পরিবারের তরফ থেকেও কোনও উদ্যোগ না দেখা যাওয়ায় স্বাভাবিকভাবেই সন্দেহ আরও বেড়েছে। ছেলের মৃত্যু ও ভোলানাথের গুরুতর আহত হওয়ার পরও কেন অভিযোগ করতে এত দেরি এই প্রশ্নেই এখন নতুন করে জল্পনা ছড়াচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
