নিউজপোল ব্যুরো: সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে সাংবাদিকদের স্বাস্থ্যবিমা এবং অবসরকালীন পেনশন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন ঘোষণায় সাংবাদিকদের চিকিৎসার সুবিধা যেমন বাড়ছে, তেমনই অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশনের অঙ্কও বাড়ানো হচ্ছে।
ঘোষণা অনুযায়ী, আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় সাংবাদিকরা এবার ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে এই সুবিধা পাওয়ার কথা জানানো হয়েছে। রাজ্যের সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৯০০ হাসপাতালে চিকিৎসার সুযোগ থাকবে। পাশাপাশি গোটা দেশে প্রায় ৩৮ হাজার হাসপাতাল ও বেসরকারি হাসপাতালেও এই সুবিধা মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও বড় স্বস্তি মিলেছে সাংবাদিকদের পরিবারের জন্য। যাঁরা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারতে সপরিবারে নথিভুক্ত রয়েছেন, তাঁদের আলাদা করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার কার্ড নেওয়ার প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে। সাংবাদিকরা পরিবারের সদস্যদের নিয়েও এই স্বাস্থ্যসুরক্ষার সুবিধা পাবেন।
এখানেই শেষ নয়। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশনও বাড়ানোর ঘোষণা হয়েছে। এতদিন মাসে ২,৫০০ টাকা করে পেনশন পেতেন নির্দিষ্ট সংখ্যক অবসরপ্রাপ্ত সাংবাদিক। এবার সেই টাকা বেড়ে ৫,০০০ টাকা করা হচ্ছে। ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকেই নতুন হারে পেনশন চালু করার কথা জানানো হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই সামাজিক সুরক্ষার আওতায় শুধু প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সাংবাদিকরাই নন, নিউজ ডেস্কে কাজ করা সাংবাদিকদেরও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। ফলে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত আরও বহু কর্মী এই সুবিধার আওতায় আসতে পারেন। সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
