নিউজপোল ব্যুরো: সকাল থেকেই আকাশের মুখ ভার। কখনও মেঘের চাদর, আবার কখনও আচমকা বৃষ্টি—মঙ্গলবার কলকাতা ও বাংলার বিস্তীর্ণ অংশে এমনই আবহাওয়ার পূর্বাভাস। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় এক-দু’দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ফলে রাস্তায় বেরোনোর আগে আবহাওয়ার খবর দেখে নেওয়াই ভাল।
কলকাতায় দিনের আকাশ মূলত মেঘলাই থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় এক ডিগ্রি কম। শহরে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও অস্বস্তি বাড়াতে পারে।শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে বাড়তি নজর রাখছে আবহাওয়া দফতর। এই চার জেলার এক-দু’টি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এদিকে উত্তরবঙ্গেও স্বস্তি নেই। পাহাড় থেকে সমতল—প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতেও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে গাছের নিচে বা খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
