নিউজ পোল ব্যুরো: ব্যক্তি নয়, সংগঠনই সবার উপরে—ডিজিটাল যোদ্ধা কনক্লেভের মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, কোনও ব্যক্তি বা নির্দিষ্ট নেতাকে ঘিরে জয়ধ্বনি নয়, দলের আদর্শ ও সংগঠনকেই সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশে অভিষেকের কড়া নির্দেশ, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসতে হবে এবং দলীয় স্বার্থকে ব্যক্তিগত প্রচারের ঊর্ধ্বে রাখতে হবে। তিনি (Abhishek Banerjee) আরও বলেন, দলের শক্তি মানুষের সমর্থনে, আর সেই সমর্থন বজায় রাখতে হলে তৃণমূল (TMC) সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে সরকারের কাজ ও সাফল্যের কথা তুলে ধরার আহ্বান জানান তিনি। অভিষেকের (Abhishek Banerjee) বক্তব্যে স্পষ্ট, আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে ব্যক্তিকেন্দ্রিক প্রচার নয়, বরং দলগত ঐক্য ও সংগঠনের শক্তিতেই ভরসা রাখতে চায় তৃণমূল নেতৃত্ব।
সোমবার মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত তৃণমূলের ডিজিটাল যোদ্ধা কনক্লেভে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে দলের আইটি সেলের সদস্য ও কর্মীদের অবদানের জন্য ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি স্পষ্ট বার্তা দেন ব্যক্তিগত স্বার্থে দলকে ব্যবহার করলে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। দলকে আন্তরিকভাবে ভালোবাসতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই হবে মূল দায়িত্ব।
অভিষেক বলেন, “ব্যক্তি নয়, দলই আসল শক্তি। কোনও নেতা বা উপনেতার নামে আলাদা করে জয়ধ্বনি নয়, দলকে ভালোবাসুন।” একই সঙ্গে তিনি সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ যথাযথভাবে তুলে ধরা হয় না।
এরপর কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সংবাদমাধ্যম যদি সরকারের সাফল্য প্রচার না করে, তবে সেই দায়িত্ব দলকেই নিতে হবে। ফেসবুক, এক্স ও ইউটিউবের মতো সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে সরকারের জনমুখী প্রকল্প মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কৌশল ব্যাখ্যা করে অভিষেক বলেন, বিজেপির আর্থিক শক্তি থাকলেও তৃণমূল আদর্শের রাজনীতি করে। মিথ্যা প্রচারের জবাব দিতে হলে তথ্য যাচাই করে সঙ্গে সঙ্গে পালটা দিতে হবে। সব মিলিয়ে তিনি বোঝান, বিজেপিকে পরাস্ত করতে মাঠের পাশাপাশি ডিজিটাল ময়দানেও সমান লড়াই জরুরি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
