Iran: অগ্নিগর্ভ ইরানে এবার বন্দি ভারতীয়রা! চাঞ্চল্যকর তথ্য আসতেই মুখ খুলল খামেনেই প্রশাসন

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ইরানে (Iran) চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ভারতীয় নাগরিকদের গ্রেপ্তারের খবর। খামেনেই প্রশাসনের কড়াকড়িতে শুধু ইরানের মানুষই নয়, বিদেশিরাও পড়ছেন চাপে এমনই অভিযোগ ঘুরছে আন্তর্জাতিক মহলে। সাম্প্রতিক সময়ে সোশাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, বিক্ষোভের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অন্তত ছ’জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ইরানের (Iran) নিরাপত্তা বাহিনী। শুধু ভারতীয় নয়, বিভিন্ন দেশের নাগরিকদেরও আন্দোলন দমনের নামে আটক করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: Iran: ‘যুবরাজকে ফেরাও!’ স্লোগানে কাঁপছে তেহরান, জনরোষ রুখতে গোটা ইরানে ইন্টারনেট পরিষেবা স্তব্ধ

মানবাধিকার সংগঠনগুলির দাবি, ইরানে (Iran) এখনও পর্যন্ত প্রায় আড়াই হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের সংখ্যাও সরকারি হিসেবের চেয়ে অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এই আবহেই ভারতীয়দের গ্রেপ্তারের খবর ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। অভিযোগ, অন্যান্য প্রতিবাদীদের সঙ্গে মিলিত হয়ে সরকারি সম্পত্তি ভাঙচুরে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে ওই ভারতীয়দের বিরুদ্ধে।

তবে এই খবরকে কার্যত ভুয়ো বলে দাবি করেছে তেহরান। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি সামাজিক মাধ্যমে একটি খবরের স্ক্রিনশট শেয়ার করে জানান, ইরানকে নিয়ে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তাঁর বক্তব্য, বিদেশি একাধিক সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে এবং সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে যেন বিশ্বাসযোগ্য সূত্র থেকেই তথ্য সংগ্রহ করা হয়।

যদিও বাস্তবে ইরানের পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশে ফোন করার উপরও নিষেধাজ্ঞা জারি করেছে খামেনেই প্রশাসন। ফলে নিহত ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রকৃত সংখ্যা সরকারি তথ্যের তুলনায় অনেক বেশি হতে পারে বলেই অনুমান আন্তর্জাতিক মহলের।

এই পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে চিন্তিত নয়াদিল্লি। সরকারিভাবে এখনও কোনও ঘোষণা না হলেও সূত্রের খবর, মোদি সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। প্রবাসী ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর সম্ভাব্য পথ ও প্রস্তুতি নিয়েও আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনাও উদ্বেগ বাড়াচ্ছে। ইরান পরিস্থিতির অবনতি হলে যে কোনও সময় সামরিক সংঘাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কড়া হুঁশিয়ারির পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole