Russia: ভারত-রাশিয়া বন্ধুত্ব গঠনের নয়, টিকে থাকার ইতিহাস!আমেরিকার শুল্ক-দাদাগিরির জবাবে রাশিয়ার সোজাসাপটা বার্তা

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: বিশ্ব কূটনীতি যখন বাণিজ্য ও ভূরাজনৈতিক চাপের আবর্তে ঘুরছে, ঠিক তখনই রাশিয়ার (Russia) মুখে ভারতের প্রতি অটুট সমর্থনের দৃপ্ত ঘোষণা। মার্কিন শুল্কবাজির কড়া সমালোচনা করে রুশ বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল, “ভারত-রাশিয়া (India Russia) সম্পর্ক বহিরাগত চাপে টলবে না, কেউ চাইলেও এই বন্ধন ভাঙতে পারবে না।”

আরও পড়ুন: Jharkhand: ১ কোটির ‘মাথার দাম’! ঝাড়খণ্ডে যৌথবাহিনীর অভিযান, খতম শীর্ষ মাওবাদী নেতা সহ আরও ২ জন

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে রাশিয়ার (Russia) পররাষ্ট্র মন্ত্রক জানায়, “বহিরাগত হুমকি, সমালোচনা বা চাপ কোনো কিছুই নয়াদিল্লির (New Delhi) অবস্থান বদলাতে পারবে না। ভারত সবসময় রাশিয়ার (Russia) সঙ্গে কৌশলগত বন্ধুত্বকে সম্মান করে এসেছে এবং করবে।” এই বার্তাটি এমন এক সময় এসেছে, যখন রাশিয়ার কাছ থেকে তেল আমদানির কারণে ভারতকে ৫০ শতাংশ শুল্কে মারছে আমেরিকা। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) একাধিকবার ভারতের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর হুমকিও দিয়েছেন। এমনকি বিভিন্ন মিত্র দেশগুলোকেও ভারতের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর অনুরোধ করেছেন তিনি।

বাণিজ্যচুক্তি নিয়েও চলছে অচলাবস্থা। ভারতের আত্মনির্ভর অবস্থান ও সমঝোতা না মানায়, হোয়াইট হাউস (White House) সাফ জানিয়েছে, শুল্ক না কমালে আলোচনায় বসবে না তারা। এই জটিল প্রেক্ষাপটে রাশিয়ার এই কূটনৈতিক বার্তা ভারতীয় পররাষ্ট্রনীতির জন্য নিঃসন্দেহে একটি বড় প্রাপ্তি। বর্তমানে মহাকাশ, পারমাণবিক শক্তি, প্রতিরক্ষা, খনিজ সম্পদ, জ্বালানি অনুসন্ধানসহ একাধিক ক্ষেত্রে ভারত-রাশিয়ার মধ্যে দৃঢ় সহযোগিতা চলছে। রাশিয়া এই বার্তার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে, ভবিষ্যতের বিশ্বরাজনীতি যতই পরিবর্তন হোক, ভারত-রাশিয়া সম্পর্ক তার ভিত হারাবে না। এই বন্ধুত্ব শুধু চুক্তিপত্রে লেখা নয়, সময়ের পরীক্ষায় বারবার প্রমাণিত এক কৌশলগত অংশীদারিত্ব।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole