Bihar: নির্বাচনের প্রাক্কালে এনডিএ-র অন্দরে টানাপোড়েন! বিহারে আসন বণ্টন ঘিরে জোট শরিকদের মধ্যে ক্ষোভ, চাপে গেরুয়া শিবির

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের (Assembly elections) ঢাকে কাঠি পড়তেই বিহারে (Bihar) জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-এর শরিকদের মধ্যে দেখা দিচ্ছে গভীর অসন্তোষ ও চাপানউতোর। আসন বণ্টন নিয়ে দলের অভ্যন্তরে শুরু হয়েছে অসন্তোষের সুর, যার জেরে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। যদিও প্রকাশ্যে এনডিএ নেতারা ‘একতা ও ঐক্য’-র সুরেই কথা বলছেন, বাস্তবে পরিস্থিতি অনেকটাই বিপরীত।

আরও পড়ুন: CV Anand Bose: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে রাজ্যপালের রাষ্ট্রপতি শাসন ইঙ্গিত নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে

সম্প্রতি চূড়ান্ত হয়েছে বিহারে (Bihar) এনডিএ-র (NDA) আসন সমঝোতা। ২৪৩ আসনের বিধানসভায় বিজেপি (BJP) ও জেডিইউ প্রত্যেকে ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। লোজপা (রামবিলাস)-এর ঝুলিতে গেছে ২৯টি আসন। বাকি ১২টি আসন ভাগ করে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় লোকমোর্চা (আরএলএম) এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চার (এইচএএম) মধ্যে। এই ফর্মুলা মেনে নেওয়া হলেও, বাস্তব আসন বণ্টনের সময় দেখা দিয়েছে মারাত্মক অস্বস্তি।

জেডিইউ-এর একাংশের অভিযোগ, তাদের দীর্ঘদিনের ‘পাকা’ আসন থেকে কিছু আসন কেটে দেওয়া হয়েছে চিরাগ পাসওয়ানের লোজপা-র জন্য। বিশেষ করে সোনবাসরা, রাজগির, একমা ও মোরওয়ার মতো আসনে জেডিইউ প্রার্থী দিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত তারাপুর ও তেঘড়া আসন ছাড়লেও, তারাপুরের পরিবর্তে তারা পেয়েছে বিজেপির কাহালগাঁও আসন। অন্যদিকে, চিরাগ পাসওয়ান (Chirag Paswan) ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বিজেপি তার দলকে “দামি” কেন্দ্র দানাপুর বা লালগঞ্জের (Bihar) মতো কোনও আসন দেয়নি। এমনকি, কিছু ‘পাকা’ আসন থেকেও কেটে নেওয়া হয়েছে।

আরএলএম নেতা উপেন্দ্র কুশওয়ারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মহুয়া কেন্দ্রটি তাদের দলের জন্য সংরক্ষিত ছিল, কিন্তু সেটা চলে গেছে এলজেপির হাতে। এই অভিযোগে তিনি দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার হুঁশিয়ারি দিয়েছেন। তবে এনডিএ-র অন্য শরিক জিতনরাম মাঝি এই বিতর্কে না গিয়ে বরাদ্দ আসন মেনে নিয়ে প্রতীক বণ্টনও সম্পূর্ণ করে ফেলেছেন। সব মিলিয়ে, এনডিএ-র মধ্যে ঐক্যের যে চিত্র সামনে আনার চেষ্টা করা হচ্ছে, তা ভেতরে ভেতরে বহু ফাটলের চিহ্ন বহন করছে। নির্বাচনের মুখে এই বিভেদ কতটা বিপদ ডেকে আনে, তা বলবে সময়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole